সিলেটটুডে ডেস্ক

২১ আগস্ট, ২০১৯ ২০:০৭

আকিজ কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করুন: কলিম উদ্দিন মিলন

সুনামগঞ্জের ছাতকে বেতন বৃদ্ধি ও ঈদ বোনাস না পাওয়ায় আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নেয়ার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন।

বুধবার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলিম উদ্দিন আহমদ মিলন এ আহবান জানান।

বিবৃতিতে তিনি বলেন, আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার শ্রমিকদের ঈদুল আযহার বোনাস এবং বেতন ভাতা পরিশোধ না করায় তারা দুঃখ-কষ্টে দিনযাপন করছেন। অবিলম্বে তাদের ন্যায্য পাওনাদি পরিশোধের করার জোর দাবি জানাচ্ছি। একই সাথে আন্দোলনরত শ্রমিক ও ছাতক পৌরসভার কাউন্সিলর (সংরক্ষিত) তাসলিমা জান্নাত কাকলীর ওপর দায়েরকৃত মামলাও প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমাধানেরও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বেতন বৃদ্ধি ও ঈদ বোনাস না পাওয়ায় আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় কারখানার শ্রমিকরা। সোমবার দুপুরে প্রধান গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। সড়ক অবরোধ ছাড়াও তারা কারখানা গেটে বিক্ষোভ করে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস শীল, সহকারী পুলিশ সুপার বিলাল আহমদ, ওসি মোস্তফা কামাল, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।

আপনার মন্তব্য

আলোচিত