সিলেটটুডে ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০১৯ ২১:১৬

সিলেটে পরিবার পরিকল্পনা বিভাগের সভা অনুষ্ঠিত

সিলেটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা সেক্টরে কাজ করা সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের এই সভায় অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আগামী ৭ ডিসেম্বর থেকে দেশব্যাপী শুরু হবে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। যা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এ সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি।’

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম আসলাম উদ্দিনের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা বিভাগের সিলেট জেলার উপ-পরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ‘মাতৃ মৃত্যুর সাথে কৈশোরকালীন মাতৃ মৃত্যুর সম্পর্ক রয়েছে। এজন্য এবারের সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’।

বক্তারা বলেন, যে সকল দম্পতির স্ত্রীর বয়স ১৯ বছর বা তার কম তাদেরকেই কৈশোর দম্পতি বলা হয়। এদের মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার অন্য বয়সীদের থেকে কম। এজন্য এ সপ্তাহে এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করা হবে।’

বক্তারা আরো বলেন, মান সম্পন্ন সেবা প্রদানের জন্য অবশ্যই গ্রহীতার অধিকারসমূহ নিশ্চিত করতে হবে। তাই জনগণকে তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান এবং সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং সেবা প্রদানে সেবাদানকারী কর্তৃক আরও বেশি আন্তরিক হবার উদ্দেশ্যেই এবারের সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্যে গুণগত সেবার মানের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।’

অ্যাডভোকেসি সভায় পরিবার পরিকল্পনা বিভাগের সিলেটের সহকারী পরিচালক এ কে আব্দুস সোবহান, সিলেট জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক এ কে এম সেলিম ভূঁইয়া, সিলেট অঞ্চলের রিজিওনাল কনসালট্যান্ট (এফপিসিএস-কিউআইটি) ডা. মোসা. উমর গুল আজাদসহ পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত