০৩ ডিসেম্বর, ২০১৯ ২৩:৩৩
লিটল থিয়েটার, সিলেট’র (লিথিসি) ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক সাধারণ সভা মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর সার্কিট হাউজ সংলগ্ন সারদা হলের মহড়া কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
লিথিসি’র উপদেষ্টা মোহাম্মদ আকমল হোসেনের সভাপতিত্বে ও লিথিসি’র আহ্বায়ক আব্দুল কাইয়ুম মুকুলের সঞ্চালনায় উক্ত সাধারণ সভায় ৪০ বছর পূর্তি উদযাপন প্রসঙ্গে আলোচনা হয়।
২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি ৪০ বছরে পা রাখতে যাচ্ছে সিলেটের এ নাট্যদলটি। এ উপলক্ষে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করতে যাচ্ছে লিটল থিয়েটার সিলেট (লিথিসি)। উক্ত সাধারণ সভায় এ আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত উৎসব পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এক সিদ্ধান্ত গৃহীত হয়।
লিথিসি আয়োজিত তিন দিনব্যাপী উৎসবের মধ্যে থাকছে আনন্দ শোভাযাত্রা, শিশুদের নিয়ে অনুষ্ঠানমালা, মঞ্চনাটক, পথনাটক, থিয়েটারের সদস্যদের নিয়ে পুনর্মিলনী।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান লিটল থিয়েটার সিলেট’র যুগ্ম আহ্বায়ক মিশফাক আহম্মেদ মিশু।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বছরব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ‘বিশ্ব রঙ্গমঞ্চ পাঠ’ শীর্ষক একটি বৈঠকি পাঠ চক্র আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। যাতে প্রতিমাসে অন্তত একটি বৈঠকের আয়োজন করা হয়। এ উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর (শুক্রবার) নাটকের ক্রমবিকাশ ও নাটক অধ্যয়নের উপযোগিতা শীর্ষক প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
এছাড়াও ডিসেম্বর মাসব্যাপী বিভিন্ন সংগঠনের আমন্ত্রণে পথনাটক ‘ধোঁয়া’র মঞ্চায়ন এবং সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত একুশের চেতনায় নাট্য প্রদর্শনীতে মঞ্চনাটক ‘ভাইবে রাধারমণ’ মঞ্চায়িত হবে।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন, লিটল থিয়েটার সিলেট’র সদস্য উজ্জ্বল রায়, দেবজ্যোতি দেবু, উত্তরা সেন পম্পা, সম্পা চক্রবর্তী, অনন্যা দাশ গুপ্তা, উত্তম কাব্য, মোহাম্মদ সাজ্জাদ হাসাইন, দীপিকা মালাকার, মলয় চক্রবর্তী, গোপাল কৃষ্ণ মালাকার, রাজীব চক্রবর্তী, জান্নাতুল ফেরদৌস, নোবেল পাপন, সেন্টু রঞ্জন, নয়ন সরকার প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৮০ সালের ১৭ ফেব্রুয়ারি সিলেটের নাট্যদল লিটল থিয়েটার, সিলেট (লিথিসি) তাদের যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা ২৭টি প্রযোজনা মঞ্চায়ন করে।
আপনার মন্তব্য