২৬ নভেম্বর, ২০২৪ ১০:১৫
ক্যারিয়ারে ১ হাজার গোল করতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো! চল্লিশ ছুঁই ছুঁই এক ফুটবলারের এমন চাওয়ার কথা শুনে অনেকেই কপালে চোখ তুলে ফেলেছিলেন, কিন্তু যেভাবে একের পর এক গোল করে চলেছেন তিনি, তাতে মনে হচ্ছে হাজার গোল করা সম্ভব তার পক্ষে।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা রোনালদো এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন, করলেন ৫ গোল। আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে জাতীয় দলের জার্সিতে পোল্যান্ডের বিপক্ষে করেছিলেন জোড়া গোল।
আর ক্লাবের জার্সিতে আগের ম্যাচে আল কাদিসিয়ার বিপক্ষেও পেয়েছিলেন গোল। এরপর সবশেষ গতকাল রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল গারাফার বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো।
আর ম্যাচে কাতারি ক্লাবটির বিপক্ষে আল নাসরের জয় ৩-১ গোলে। এই জয়ে গ্রুপ ‘বি’তে আল হিলালকে টপকে দুইয়ে উঠে এসেছে আল নাসর। ৫ ম্যাচে আল নাসরের পয়েন্ট ১২। এক ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট ১৩। তবে আজ রাতে আল সাদকে হারালে আবারও আল নাসরকে টপকে যাবে আল হিলাল। আর শীর্ষে থাকা আল আহলির পয়েন্ট ৫ ম্যাচে ১৫।
গতকাল রাতে ম্যাচের ৪৬ ও ৬৪ মিনিটে গোল দুটি করেন রোনালদো। দুটি গোলই রোনালদো করেন বক্সের ভেতর থেকে। প্রথম গোলটি করেন বক্সের ভেতর দারুণ এক হেডে, পরেরটি নিঁখুত শটে। এ দুই গোলের মধ্য দিয়ে সব মিলিয়ে ক্যারিয়ারে ৯১৩তম গোলে পৌঁছে গেছেন পর্তুগিজ মহাতারকা।
আর চলতি মৌসুমে আল নাসরের হয়ে এটি ১৭ ম্যাচে রোনালদোর ১৩তম গোল, সঙ্গে আছে ৩টি অ্যাসিস্টও। আর ২০২০ সালে এটি রোনালদোর ৪০তম গোল। এ দুই গোলে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। ৩০ পেরোনোর পর গোল ও অ্যাসিস্ট মিলিয়ে রোনালদোর অবদান এখন ৫৫০ গোলে। অবিশ্বাস্যই বটে!
ম্যাচ শেষে জোড়া গোল করে দারুণভাবে দলকে জেতানো রোনালদো প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘আমার প্রথম এবং শেষ লক্ষ্য হচ্ছে দলের জয়। দলগতভাবে পারফর্ম করলে গোল আসবে এবং আমি সব সময় গোল করা ও জেতাতে মনোযোগ দিই। যদি দল জেতে, আমি খুশি। আমি এই জয় ভক্ত, ক্লাব ও ভক্তদের উৎসর্গ করলাম।’
আপনার মন্তব্য