২৮ নভেম্বর, ২০২৪ ০৭:৩৪
দাপুটে পারফরম্যান্স করা বার্সেলোনা টানা দুই ম্যাচ জয়হীন ছিল লা লিগায়। তবে জয়ের ধারা অব্যাহত রেখেছে চ্যাম্পিয়ন্স লিগে। লা লিগায় দুই ম্যাচ জয়ের স্বাদ না পাওয়া দলটি এবার ফিরেছে জয়ের ধারায় ব্রেস্তকে উড়িয়ে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ঘরের মাঠে বার্সেলোনা ব্রেস্তের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে।
ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেন বরার্ট লেভানডফস্কি এবং অন্য গোলটি দানি ওলমোর।
লামিনে ইয়ামাল চোটে পড়ার পর জয় পায়নি হান্সি ফ্লিকের শিষ্যরা। তবে এবার বেস্তকে হারিয়ে জয়ের দেখা পেয়েছে বার্সা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে গিয়ে ক্লাবটি এগিয়ে যায় দশম মিনিটে। ডি বক্সে লেভানডফস্কিকে ফাউল করেন বেস্তের গোলকিপার মার্কো বিজোট। সেখানে পেনাল্টি পেয়ে সফলভাবে দলকে এগিয়ে দেন লেভা। এরপর আরও কয়েকটি সুযোগা আসলেও কাজে লাগাতে পারেনি বার্সা। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে এগিয়ে।
দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে জেরার্ড মার্তিনের চমৎকার পাস থেকে জাল খুঁজে নেন ওলমো। ম্যাচের শেষদিকে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আলেহান্দ্রো বাল্দের কাছ থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন লেভানডফস্কি।
এ জয়ে ৫ ম্যাচে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।
আপনার মন্তব্য