২৫ ফেব্রুয়ারি , ২০২৫ ১০:৩১
টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এমন কঠিন সমীকরণ নিয়ে খেলতে নেমে আশা বাঁচিয়ে রাখতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে ৫ উইকেট ব্যবধানে। টানা দুই পরাজয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ নাজমুল হোসেন শান্তদের।তাদের হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের ব্যর্থতায় কপাল পুড়েছে পাকিস্তান দলেরও। যদি টাইগাররা কিউইদের হারাতে পারত, তাহলে দুই দলেরই সুযোগ থাকত সেমিফাইনালে খেলার। কিন্তু বাংলাদেশের হারে একইসঙ্গে বিদায় ঘন্টা বেজেছে স্বাগতিক পাকিস্তানেরও। ‘এ’ গ্রুপ থেকে সেমিতে খেলবে ভারত এবং নিউজিল্যান্ড। আগামী ২ মার্চ গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দুই সেমিফাইনালিস্ট।
বাংলাদেশ তাদের সর্বশেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে, যা কেবলই আনুষ্ঠানিকতার ম্যাচ। আজ ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং ব্যর্থতায় এমন দুর্ভাগ্য ডেকে এনেছে টিম টাইগার্স। প্রথমে ব্যাটিং নেমে পুরো ৫০ ওভার খেলে বাংলাদেশ করতে পারে ৯ উইকেটে ২৩৬ রান। শান্তদের এই রান ২৩ বল হাতে রেখেই টপকে যায় নিউজিল্যান্ড।
‘এ’ গ্রুপে ভারত এবং নিউজিল্যান্ড উভয় দল তাদের প্রথম দুই ম্যাচ জিতেছে। সমান ৪ পয়েন্ট নিয়ে দুই দল চলে গেছে নকআউটপর্বে। পয়েন্টহীন বাংলাদেশ এবং পাকিস্তান দর্শকের সারিতে।
আপনার মন্তব্য