২৭ ফেব্রুয়ারি , ২০২৫ ১১:৪১
রিয়াল মাদ্রিদের আক্রমণভাবে ছিলেন না কিলিয়ান এমবাপে, রদ্রিগোসহ নিয়মিতদের অনেকেই। প্রথমবারের মতো অধিনায়কত্ব করলেন ভিনিসিয়াস জুনিয়র। দলের নিয়মিত খেলোয়াড়দের অনেকের অনুপস্থিতি সত্ত্বেও ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ।
সান সেবাস্তিয়ানে বুধবার রাতে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে তারা ১-০ গোলে। কষ্টার্জিত এই জয় এসেছে এণ্ড্রিকের গোলে।
ম্যাচ হারলেও সমানতালে লড়েছে সোসিয়েদাদ। ম্যাচে রিয়াল মাদ্রিদের নেওয়া ১৪ শটের ৫টি ছিল লক্ষ্যে। বিপরীতে সোসিয়েদাদের ১১ শটের ৬টি লক্ষ্যে ছিল।
ম্যাচে প্রথম ভালো সুযোগ পায় সোসিয়েদাদ। চতুর্থ মিনিটে বক্সের বাইরে এক সতীর্থকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তাকেফুসা কুবো, ফিরতি বল পেয়ে তার নেওয়া কোনাকুনি শট ঠেকান লুনিন।
১৯তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই দলকে এগিয়ে নেন এন্ড্রিক। নিজেদের অর্ধ থেকে জুড বেলিংহ্যামের উঁচু করে বাড়ানো বল প্রথম স্পর্শে গতি কমিয়ে, বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এই মৌসুমে কোপা দেল রেতে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন এন্ড্রিক, আসরে চার ম্যাচে তার গোল হলো মোট চারটি।
২৮তম মিনিটে দ্বিগুণ হতে পারত ব্যবধান। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে এগিয়ে বেলিংহ্যাম পাস দেন বক্সে, কাছ থেকে ভিনিসিয়াসের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক আলেক্স রেমিরো।
৪৩তম মিনিটে লুনিনের দৃঢ়তায় বেঁচে যায় রেয়াল মাদ্রিদ। বক্সের বাঁ দিক থেকে আন্দের বারেনেচেয়ার উঁচু শট এক হাতে ব্যর্থ করে দেন আসরে দলের সবকটি ম্যাচে গোলপোস্ট সামলানো ইউক্রেইনের এই গোলরক্ষক।
৪৯তম মিনিটে আরেকটি দারুণ সেভ করেন লুনিন। কাছ থেকে মিকেল ওইয়ারসাবালের হেড ফিরিয়ে দেন তিনি। ফিরতি বলে কুবোর শটও ঠেকান।
দুই মিনিট পর দ্বিতীয় গোল পেতে পারতেন এণ্ড্রিক, কিন্তু তার শট ক্রসবারে বাধা পায়। ৮২তম মিনিটে বক্সের বাইরে থেকে বেলিংহ্যামের জোরাল নিচু শটে বল এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়াতে যাচ্ছিল, ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে দলকে বাঁচান গোলরক্ষক।
আগামী ১ এপ্রিল সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে ফিরতি লেগ।
আপনার মন্তব্য