সিলেটটুডে ডেস্ক

০৩ মার্চ, ২০২৫ ১৩:৪৫

লা লীগায় শীর্ষে ফিরল বার্সেলোনা

অ্যাতলেটিকো মাদ্রিদ ১-০ ব্যবধানে অ্যাতলেটিক বিলবাওকে হারিয়ে উঠেছিল শীর্ষে। কিন্তু একদিনের মধ্যেই হারানো সেই স্থান ফিরে পেয়েছে বার্সা দাপুটে এক জয়ে। রিয়াল সোসিয়েদাদের জালে ৪ গোল দিয়ে দলটির প্রত্যাবর্তন হয়েছে শীর্ষে।

৪-০ ব্যবধানের এই দাপুটে জয়ে শীর্ষস্থান সুসংহত করার পাশাপাশি টানা সপ্তম জয়ের স্বাদ পেয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

২৬ ম্যাচ শেষে এখন ৫৭ পয়েন্ট কাতালানদের। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫৬। তিনে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৬ ম্যাচে ৫৪।

ম্যাচ হেরে গেলেও শুরুতে গোলের দেখা পেয়েছিল সোসিয়েদাদ। জাভি লোপেসের গোলটি যদিও হিসাবে আসেনি অফসাইডের কারণে। ম্যাচের ১৭ মিনিটে বার্সার দানি ওলমোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সোসিয়েদাদের আরিৎস এলুসতোন্দো। সেখান থেকেই মূলত ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়।

জেরার্ড মাটিন ২৫ মিনিটে দলের হয়ে প্রথম স্কোর করেন। তিনি বল পান দানি ওলমোর চিপ পাস থেকে। এর আগে ওলমো বল পান লামিনে ইয়ামালের ড্রিবলিং থেকে।

প্রথম গোলের মিনিট চারেক পর ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কাসাদো। প্রতিপক্ষের গোলকিপার প্রথমে ফিরিয়ে দেন কর্নার থেকে উড়ে আসা বল। পরে ওলমোর নেয়া শট কাসাদোর হাঁটু ছুঁয়ে জালে প্রবেশ করে।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আবারও কর্নার থেকে উড়ে আসা বলের ঘটনা ঘটে। সেটি হেড দেন লেভানডফস্কি। কিন্তু ফিরিয়ে দেন প্রতিপক্ষের গোলকিপার। তবে ফিরতি বল পেয়ে কাজে লাগান রোনাল্ড আরাউহো।

দলের হয়ে ৬০ মিনিটে শেষ গোলটি করেন লেভানডফস্কি। সেই সুযোগটি তৈরি করে দেন আরাউহো। তার শটে আলতো ছোঁয়া দিয়ে বলের দিক পরিবর্তন করে জালে পাঠান লেভানডফস্কি। যা কিনা এবারের লিগে তার ২১তম গোল।

আপনার মন্তব্য

আলোচিত