সিলেটটুডে ডেস্ক

২১ মার্চ, ২০২৫ ০৭:৫১

ইতালির বিপক্ষে জামার্নির ‘কামব্যাক’, স্পেন-নেদারল্যান্ডস ড্র

উয়েফা নেশন্স লিগ

ম্যাচের শুরুতে জার্মানির জালে গোল করে বসে ইতালি, কিন্তু বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল জার্মানি।

বৃহস্পতিবার মিলানের সান সিরোয় ২-১ গোলে জিতে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে জার্মানরা।

ম্যাচের নবম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে গোলটি করেন নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার সান্দ্রো তোনালি।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে সমতা টানে জার্মানি। জসুয়া কিমিখের ক্রসে হেডে গোলটি করেন বরুশিয়া মনশেনগ্লাডভাখের ফরোয়ার্ড টিম ক্লাইনডিন্সট।

৭৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন লেয়ন গোরেটস্কা। কিমিখের ক্রসে হেডে জয়সূচক গোলটি করেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার।

টানা দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেল ইতালি। গত নভেম্বরে নেশন্স লিগেই ফ্রান্সের বিপক্ষে ৩-১ গোলে হারের পর, এই বছরের শুরুটাও তাদের হলো পরাজয় দিয়ে।

জার্মানদের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচ হারল ইতালি। ২০২২ সালের জুনে এই প্রতিযোগিতাতেই ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল সবশেষ ২০০৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী রোববার শেষ আটের ফিরতি লেগের লড়াইটি অবশ্য জার্মানদের দূর্গে।

স্পেন-নেদারল্যান্ডস ড্র

শেষের গোলে নেদারল্যান্ডসের মাঠে হার এড়াল স্পেন

শুরুতেই গোল আদায় করে নেওয়ার পর বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারল না স্পেন। ঘরের মাঠে দারুণ এক জয়ের আশা জাগাল নেদারল্যান্ডস। কিন্তু শেষ দিকে পাল্টে গেল চিত্র। মিকেল মেরিনোর গোলে হার এড়াল স্প্যানিশরা।

বৃহস্পতিবার রাতে রটারডামে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছে। শেষ দিকে ১০ জন নিয়ে খেলেছে ডাচরা।

নিকো উইলিয়ামস স্পেনকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান কোডি হাকপো। দ্বিতীয়ার্ধের শুরুতে টিয়ানি রেইন্ডার্সের গোলে নেদারল্যান্ডস এগিয়ে যাওয়ার পর, শেষ দিকে বদলি নেমে যোগ করা সময়ে সমতা টানেন মেরিনো।

এই নিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত রইল ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। সবশেষ গত বছরের ২২ মার্চ লন্ডনে প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।

নবম মিনিটে ডান দিকে প্রতিপক্ষের একজনের পা থেকে বল কেড়ে নিয়ে লামিনে ইয়ামাল বক্সে পাস দেন পেদ্রিকে। এই মিডফিল্ডারের পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে দারুণভাবে শরীরটা ঘুরিয়ে নিচু শটে জালে পাঠান ২২ বছর বয়সী ফরোয়ার্ড নিকো উইলিয়ামস।

নেদারল্যান্ডস লক্ষ্যে প্রথম শট রাখতে পারে ২৮তম মিনিটে এবং সেটা থেকেই দলকে সমতায় ফেরান হাকপো। বক্সে হেডে বল ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। সতীর্থের পাসে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ২৫ বছর বয়সী লিভারপুল ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ৩৯ সেকেন্ডের মাথায় রেইন্ডার্সের গোলেই এগিয়ে যায় ডাচরা। ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাট-ব্যাক করেন জেরেমি ফ্রিম্পং, আর ছুটে গিয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন এসি মিলান মিডফিল্ডার রেইন্ডার্স।

৮১তম মিনিটে রবিন লে নরম্যান্ডকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ১৯ বছর বয়সী ডাচ ডিফেন্ডার জোরেল হাতো।

সেই সুযোগে ডাচদের ওপর চাপ বাড়ায় স্পেন। ফলও পেয়ে যায় তারা যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। নিকো উইলিয়ামসের শট গোলরক্ষক ফেরানোর পর জালে পাঠান ৮৪তম মিনিটে বদলি নামা মেরিনো।

আগামী রোববার স্পেনের ভালেন্সিয়ায় হবে ফিরতি লেগ।

আপনার মন্তব্য

আলোচিত