১৮ মে, ২০২৫ ২২:৩৮
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ।
রোববার ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচটির নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়। এরপর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জেতে স্বাগতিকরা।
ম্যাচের শুরুতেই কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে বাংলাদেশ। ভারতের অধিনায়ক শামির অসাধারণ ফ্রি কিক থেকে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। মাঝমাঠের ওই ফ্রি কিকটি শামি সরাসরি গোলপোস্টের দিকে শট করলে, বাংলাদেশের গোলরক্ষক মাহিন কিছুটা বাইরে চলে আসায় শটটি ঠেকাতে ব্যর্থ হন।
তবে, প্রথমার্ধে কিছু চমকপ্রদ সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ম্যাচের ১১তম মিনিটে মুর্শেদ আলীর শট গোলপোস্টের পাশ দিয়ে বেরিয়ে গেলে হতাশ হতে হয় বাংলাদেশের সমর্থকদের। এরপর, ভারতের ফরোয়ার্ড রোহেন সিং-এর একটি দুর্দান্ত হেডের সামনে দাঁড়িয়ে যান মাহিন, যিনি তার অসাধারণ দক্ষতায় দলকে নিশ্চিত গোল থেকে রক্ষা করেন।
ম্যাচের ১৬তম মিনিটে আরও একটি বড় সুযোগ ছিল বাংলাদেশে। শামির শট স্লাইড দিয়ে ঠেকিয়ে দিয়ে ফের একবার দলকে রক্ষা করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল, পরে মাহিন আবারও রোহেন সিং-এর হেড পা দিয়ে ঠেকিয়ে দেন।
ম্যাচের ২৮তম মিনিটে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নিলেও তা ভারতের গোলপোস্টে যাওয়ার আগেই আটকে যায়। পরবর্তীতে কর্নার পায় বাংলাদেশ, কিন্তু ভারতের রক্ষণের দৃঢ়তায় আরেকটি গোলের সুযোগ হাতছাড়া হয়ে যায়।
প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে পারেনি বাংলাদেশ, তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে নিজেদের খেলায় বদল আনতে সক্ষম হয় তারা। প্রতিপক্ষ ভারতকে চাপে রাখার কাজটা বেশ ভালোভাবেই করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তাদের জন্য ফল পেতেও বেশি সময় লাগেনি।
ম্যাচের ৫৯তম মিনিটে কর্নারের সুবাদে ডি-বক্সে জমে থাকা জটলা থেকে গোল করে বাংলাদেশ সমতায় ফিরে। সালাহ উদ্দিন শাহেদের অসাধারণ ফিনিশিংয়ে ১-১ সমতা ফিরে আসে, এই গোল ম্যাচে নতুন করে প্রাণ সঞ্চারিত করে।
এরপর আরও বেশ কিছু আক্রমণ করে বাংলাদেশ। তবে ফরোয়ার্ডদের ফিনিশিংয়ে কিছুটা শিথিলতা থাকায়, লিড নিতে পারেনি তারা। ৭৫তম মিনিটে ভারতের জন্য ছিল একটি বড় সুযোগ, যখন রিশি সিং এর শট গোলপোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।
৮১তম মিনিটে বাংলাদেশ আবারও গোলের সুযোগ তৈরি করে, মুর্শেদ আলী বাঁ পায়ে শট নেন, তবে এটি সহজে ধরে নেন ভারতীয় গোলরক্ষক সুরাজ সিং। শেষ পর্যন্ত কোন দলই লিড নিতে পারেনি, এবং খেলা গড়ায় টাইব্রেকারে।
সেখানে বাংলাদেশের গোলরক্ষক মাহিন সামর্থ্যের প্রমাণ দিলেও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল পেনাল্টি মিস করে বসেন। পরবর্তীতে ভারতীয় গোলরক্ষক সুরাজ আরও একটি শট ঠেকিয়ে দিলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
আপনার মন্তব্য