সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০২৫ ১৬:২৫

‘সেরাকে সবাই চায়’—রোনালদোকে নিয়ে ব্রাজিলিয়ান কোচ

বয়স চল্লিশ, অথচ মাঠের পারফরম্যান্সে ক্রিশ্চিয়ানো রোনালদো যেন এখনও তরুণ। গুঞ্জন উঠেছে, তিনি ব্রাজিলের ক্লাব বতাফোগোতে যোগ দিতে পারেন। যদিও বিষয়টি নিয়ে কিছুই স্পষ্ট করেননি ক্লাবটির কোচ হেনাতো পাইভা।

সাংবাদিকদের ক্লাবটির কোচ হেনাতো পাইভা পরিষ্কার জানিয়েছেন, ‘‘ক্রিসমাস তো ডিসেম্বরে….তাই না? যদি রোনালদো আসেন, তার মতো একজন কিংবদন্তি তারকাকে কোনোভাবেই হাতছাড়া করার সুযোগ নেই। তবে আমি জানি না, আসলেই এমন কিছু হবে কি না। আপনারা প্রশ্ন করেছেন, তাই জবাব দিতে হচ্ছে।’’

তবে একটা বিষয় নিশ্চিত—এই বয়সেও গোল করা রোনালদো যে কোনো দলেই হয়ে উঠবেন কাণ্ডারি। ৩৯ ম্যাচে ৩৩ গোলের মাধ্যমে রোনালদো প্রমাণ করেছেন, বয়স শুধুই একটি সংখ্যা।

আল নাসেরের সঙ্গে রোনালদো বর্তমান চুক্তি শেষ হচ্ছে ৩০ জুন। এরপর তিনি এই ক্লাবেই থাকবেন কিনা, সেই নিয়ে যথেষ্ট গুঞ্জন উঠেছে। তবে, ক্লাবের কোনো ঘোষণা না আসা পর্যন্ত, রোনালদো কোথায় খেলবেন তা স্পষ্ট নয়।

এছাড়া, ২০২৩-২৪ মৌসুমে কোনো বড় ট্রফি না জিতলেও রোনালদো নিজের অবস্থানে অটল। প্রতি ম্যাচেই নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন, পাচ্ছেন গোলের দেখা। তাই এমন একজন তারকাকে পেতে চাইবে যে কোনো ক্লাব।

১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব ফুটবলের সর্ববৃহৎ বৈশ্বিক আসর—ক্লাব বিশ্বকাপ, যেখানে বতাফোগোও অংশ নেবে। এরই মধ্যে সমর্থকদের অনেকেই সেই প্রতিযোগিতায় রোনালেদোকে দেখতে মুখিয়ে।

আপনার মন্তব্য

আলোচিত