স্পোর্টস ডেস্ক

০৫ জুন, ২০২৫ ০৪:১৩

রোনালদোর গোলে জার্মানিকে হারিয়ে নেশন্স লিগের ফাইনালে পর্তুগাল

জার্মানিকে তাদের মাঠে হারিয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে সেমিফাইনালে ২-১ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল। পর্তুগাল প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়ন।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৪৮তম মিনিটে এগিয়ে যায় জার্মানি। জসুয়া কিমিখ ডি-বক্সের বাইরে থেকে পায়ের টোকায় ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে ক্রস বাড়ান, আর হেডে জালে পাঠান ফ্লোরিয়ান ভিরৎজ।

৫৮তম মিনিটে বদলি নামার চার মিনিট পরই দুর্দান্ত গোলে সমতা ফেরান ফ্রান্সিসকো কনসেইকাও। রুবেন দিয়াসের পাস প্রায় মাঝমাঠে ডান দিকের বাইলাইনের কাছাকাছি পেয়ে, এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে এগিয়ে যান তিনি, ২০ গজ দূর থেকে জোরাল শটে খুঁজে নেন ঠিকানা।

এরপর জয়সূচক গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বাঁ দিক থেকে মেন্দেসের পাস ছয় গজ বক্সের বাইরে থেকে শটে ফাঁকা জালে পাঠান তিনি।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডধারীর গোল হলো ১৩৭টি, আর এবারের নেশন্স লিগে আট ম্যাচে সাতটি। জার্মানির বিপক্ষে তার কেবল দ্বিতীয় গোল এটি।

ফ্রান্সিসকো কনসেইকাওর গোলের আরেক মাহাত্ম্য রয়েছে। আজকের এই ম্যাচ জয়ের ২৫ বছর আগে সবশেষ জার্মানির বিপক্ষে জয় পেয়েছিল পর্তুগাল। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন সের্জিও কনসেইকাও। সের্জিও আর ফ্রান্সিসকোর সম্পর্ক পিতা-পুত্রের।

 

আপনার মন্তব্য

আলোচিত