স্পোর্টস ডেস্ক

০৫ জুন, ২০২৫ ১১:১৩

হামজা চৌধুরীই গড়ে দিয়েছে ব্যবধান, প্রতিপক্ষ ভুটান কোচের অভিমত

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর কারণে বদলে গেছে বাংলাদেশ, এমনটাই মনে করছেন ভুটানের জাপানি কোচ আৎসুশি নাকামুরা। তিনি বলছেন, কেবল গোল করাই নয়, হামজা চৌধুরীর কারণে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল বাংলাদেশ দল, এবং সেখান থেকে বেরুতে পারেননি।

অথচ এক বছর আগে এই ভুটানের কাছেই হেরেছিল বাংলাদেশ। ঘরের মাঠে হামজার অভিষেক ছিল গতকাল। এই ম্যাচে তিনি গোল করতে সময় নেন মোটে ৬ মিনিট। এই গোল করে তিনি বাংলাদেশকে উজ্জীবিত করেছেন, ভুটানও তাতে ম্যাচ থেকে ছিটকে গেছে শুরুর দিকেই। বলের দখলে এরপর আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। ম্যাচেও দাপট ছিল স্বাগতিকদেরই।

আর এই আধিপত্যটা বাংলাদেশ দেখিয়েছে মাঝমাঠে হামজার নেতৃত্বেই। ম্যাচ শেষে ভুটানের জাপানি কোচ অকপটে স্বীকার করে নিলেন বিষয়টা। তিনি বলেন, ‘হামজাই ব্যবধান গড়ে দিয়েছে। শুধু গোলের কারণে বলছি না, সে মাঠে উপস্থিত ছিল যতক্ষণ, বাংলাদেশ তার ইতিবাচক প্রভাবটা টের পেয়েছে।’

হামজার কারণেই ম্যাচের নিয়ন্ত্রণটা নিতে পারেনি ভুটান, অভিমত ভুটান কোচের। তিনি বলেন, ‘তার পায়ে যখন বল ছিল, সেটা আমরা কিছুতেই কেড়ে নিতে পারিনি। সে কারণে আমাদের ম্যাচের নিয়ন্ত্রণটাও নেওয়া হয়নি।’

গেল বছর নিজেদের মাঠে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল ভুটান। সেই দলের সঙ্গে এই দলের পার্থক্যটা বিশাল, মনে করেন তিনি। আৎসুশি বলেন, ‘খুবই কঠিন ম্যাচ ছিল আমাদের জন্য। তাদের বিল্ডআপ দুর্দান্ত ছিল। আগের ম্যাচগুলোতে তাদের এমন পাসিং আর বিল্ডআপ আমরা দেখিনি। কেবল হামজা নয়, পুরো বাংলাদেশের খেলাতেই পরিবর্তন এসেছে। বাংলাদেশ অনেকটাই বদলে গেছে।’

নাকামুরার অভিমত, এই পরিবর্তনটা এসেছে বাংলাদেশের মাঝমাঠ থেকে। আর এই পরিবর্তনের মধ্যমণি হামজা চৌধুরীই। তিনি বলেন, ‘সবদিক বিবেচনায় রাখলে এটা খুবই কঠিন একটা ম্যাচ ছিল। একটা বছরের ভেতরে বাংলাদেশ তাদের মাঝমাঠ এবং পাসিংয়ে যে উন্নতিটা করেছে, তার কথা বলতেই হবে আমাকে। হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশ ফুটবলকে অনেকটাই বদলে দিয়েছে এই এক বছরে।’

বাংলাদেশ ফুটবল দলের সামনে এবার চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছে সিঙ্গাপুর। আগামী ১০ জুন বাংলাদেশের আতিথ্য নেবে দলটি। শেষ ছয় ম্যাচ ধরে জিততে না পারা দলটার বিপক্ষে নামবেন বদলে যাওয়া, উজ্জীবিত হামজারা। সে ম্যাচ থেকে নিশ্চয়ই জয় তুলে নিতে চাইবেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।

আপনার মন্তব্য

আলোচিত