১১ জুন, ২০২৫ ১৩:১৭
একুডরের বিপক্ষে ড্র দিয়ে শুরু হয়েছিল কার্লো আনচেলত্তির ব্রাজিল-মিশন। প্রথম ম্যাচ শেষে বলেছিলেন, প্যারাগুয়ের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলবে তার দল, বলেছিলেন জিতবেও। সেটাই হলো। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল, একই সঙ্গে নিশ্চিত করে আমেরিকা বিশ্বকাপে অংশগ্রহণও।
বাংলাদেশ সময় বুধবার সকালে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। এই জয়ে আপাতত পয়েন্ট তালিকায় তারা উঠে এসেছে দুই নম্বরে।
দিনের শুরুতে উরুগুয়ের বিপক্ষে ভেনেজুয়েলার হারে সুযোগ আসে ব্রাজিলের সামনে। প্যারাগুয়েকে হারিয়ে সেটা কাজে লাগাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লাতিন আমেরিকার দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করল বিশ্বকাপের ২০২৬ আসরে খেলা।
ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবলে শুরু করে ব্রাজিল। উইং দিয়ে ভীতি ছড়াতে থাকেন রাফিনিয়া। কার্ডের খাড়ায় একুয়েডরের বিপক্ষে আগের ম্যাচে ছিলেন না তিনি। অষ্টম মিনিটে ডি বক্সের বাইরে থেকে বার্সেলোনা ফরোয়ার্ডের শট যায় গোলরক্ষকের গ্লাভসে।
চার মিনিট পর গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ভিনিসিয়াস। মাথেউস কুইয়ার চমৎকার ক্রসে কেবল ঠিকমতো পা ছোঁয়ানো প্রয়োজন ছিল তার। সেই কাজটা করতে পারেননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
৩৫তম মিনিটে গোলের আরেকটা বড় সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা। গাব্রিয়েল মার্তিনেল্লির ক্রসে খুব কাছ থেকে অবিশ্বাস্যভাবে বাইরে হেড করেন কুইয়া।
৪৪তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। তিন জনের চ্যালেঞ্জের মুখে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রাফিনিয়া। ছুটে গিয়ে বল ধরে বাইলাইন থেকে কাটব্যাক করেন কুইয়া। এবার প্রয়োজনীয় টোকা দিতে কোনো ভুল করেননি ভিনিসিয়াস।
১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে একুয়েডরের রয়েছে দুই নম্বরে। আর শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৩৫।
আপনার মন্তব্য