২৩ জুন, ২০২৫ ১২:১৬
ম্যাচের তখন মাত্র ৭ মিনিট, তখনই রিয়াল মাদ্রিদের রাউল আসেনসিও দেখেন লালকার্ড। দশজনের দলে পরিণত রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব পাচুকা তুলনামূলকভাবে কম শক্তিশালী হলেও তারা রিয়ালের গোলমুখে করে গেছে একের পর এক শট। এখানে ত্রাতার ভূমিকায় থিবো কোর্তোয়া। যদিও ম্যাচের ফল ৩ : ১, তবু রিয়ালের তুলনায় বেশিই আক্রমণ করেছে পাচুকা।
নতুন কোচ জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদের হয়ে যাত্রা শুরুটা হয় এবারের ক্লাব বিশ্বকাপ দিয়েই। যেখানে আল হিলালের বিপক্ষে ১৮ জুন ড্র করে রিয়াল। আলোনসোর দলকে এবার দিতে হয় আরও কঠিন পরীক্ষা। শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে পাচুকার বিপক্ষে রিয়ালের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে তো ছিলেন না। এমনকি ৭ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় লস ব্লাঙ্কোসরা। এমন অবস্থায় অতিমানব হয়ে যান রিয়াল গোলরক্ষক কোর্তোয়া। তার রেকর্ড গড়ার দিনে পাচুকাকে হারিয়েছে আলোনসোর দল।
বল নিয়ে আক্রমণে যাওয়া মেক্সিকোর ফরোয়ার্ড সলোমন রনডনকে বক্সের বাইরে ফাউল করে বসেন আসেনসিও। এই ফাউলেই রিয়ালের ডিফেন্ডার আসেনসিওকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০ ফুটবলার দিয়ে রিয়ালকে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ।
ম্যাচে পাচুকা বল দখলে রাখে ৪২ শতাংশ। মেক্সিকান ক্লাবটি বল কম সময় দখলে রাখলেও রিয়ালের লক্ষ্য বরাবর ১১ শট নিয়েছে। তবে কোর্তোয়া যখন ‘চীনের মহাপ্রাচীর’ বনে যান, তখন প্রতিপক্ষ দলের আর কী করার থাকে! ১০টি শটই সেভ করেছেন কোর্তোয়া। ক্লাব বিশ্বকাপে নির্দিষ্ট কোনো ম্যাচে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ সেভের রেকর্ড এটা।
ক্লাব বিশ্বকাপে গত রাতের ম্যাচে রিয়াল মাদ্রিদ বল দখলে রাখে ৫৮ শতাংশ। আলোনসোর দল প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে তিন শট। তিনটিই কাজে লাগাতে পেরেছে লস ব্লাঙ্কোসরা।
৩৫ মিনিটে ফ্রান গার্সিয়ার অ্যাসিস্টে জুড বেলিংহাম ম্যাচে প্রথম গোল করেন। দ্বিতীয় গোলটাও রিয়াল পেয়েছে প্রথমার্ধেই। এবার গনজালো গার্সিয়ার অ্যাসিস্টে গোল করেন আর্দা গুলার।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ তৃতীয় গোল পেয়েছে ৭০ মিনিটে। এবার ব্রাহিম দিয়াজের পাস থেকে লক্ষ্যভেদ করেন ফেদেরিকো ভালভার্দে।
৮০ মিনিটে পাচুকার একমাত্র গোলটি করেন দলটির মিডফিল্ডার ইলিয়াস মন্তিয়েল।
৩-১ গোলের জয়ে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আলোনসোর দল। তাদের এখন ৪ পয়েন্ট। সমান ৪ পয়েন্ট হলেও দুইয়ে রেডবুল সালজবুর্গ। তিনে থাকা আল হিলালের পয়েন্ট ২। পাচুকার কোনো পয়েন্ট নেই।
অন্য ম্যাচের ফল
জুভেন্টাস ৪ : ওয়াইদাদ এসি ১
রেডবুল সালজবুর্গ ০ : আল হিলাল ০
ম্যানচেস্টার সিটি ৬ : আল আইন ০
আপনার মন্তব্য