০৫ জুলাই, ২০২৫ ১০:২৩
ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের চারটি ক্লাব খেলার যোগ্যতা অর্জন করেছিল। শেষ ষোলোতে উঠেছিল চারটি ক্লাবই। সেখান থেকে কোয়ার্টার ফাইনালে দুইটি ক্লাব। সে দুই ক্লাবের একটি গেছে সেমিফাইনালে। ফ্লুমিনেন্স সৌদি আরবের ক্লাব আল হিলালকে হারিয়ে উঠেছে সেমিফাইনালে; অপর ক্লাব পালমেইরাস চেলসির কাছে হেরে বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে।
শুক্রবার রাতে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ওই লড়াইয়ে ২-১ গোলে জিতেছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। পা রেখেছে টুর্নামেন্টের সেমিফাইনালে।
ইউরোপের জায়ান্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত খেলে কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে জয় তুলে নিয়েছিল ৪-৩ গোলে।
ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সও ২-০ গোলে ইউরোপের আরেক জায়ান্ট ইন্টার মিলানকে স্তব্ধ করে শেষ আটে এসেছিল। সেমিফাইনালের লড়াইয়ে আল হিলাল ও ফ্লুমিনেন্স লড়াইকে তাই ছোট করে দেখার উপায় ছিল না। লঘু-গুরুর হিসাবও ছিল না ওই অর্থে।
মাঠেও দুই দল খেলেছে সমানে সমানে। ম্যাচের ৪০ মিনিটে ব্রাজিলের ২৩ বছর বয়সী তরুণ মিডফিল্ডার ম্যাথিউস মার্টিনেল্লি ফ্লুমিনেন্সকে প্রথম লিড এনে দেন। ওই গোলে প্রথমার্ধ শেষ করে ব্রাজিলের ক্লাবটি।
দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে আল হিলাল। গোল করেন ব্রাজিলের তরুণ স্ট্রাইকার মার্কোস লিওনার্দো। দুই দলের লিড নেওয়ার লড়াই যখন তুঙ্গে তখন গোল করেন বদলি নামা হারকিউলিস। তিনি ৭০ মিনিটে জালে বল পাঠান।
এ নিয়ে নক আউটের দুই ম্যাচেই বদলি নেমে গোল করলেন এই তরুণ। ওই গোল শোধ করতে সিমন ইনজাঘির আল হিলাল জোর চেষ্টা করলেও সুযোগ দেয়নি ফ্লুমিনেন্স।
অপর কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাব চেলসির কাছে হেরেছে আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।
আপনার মন্তব্য