স্পোর্টস ডেস্ক

২৫ জুলাই, ২০২৫ ১০:০২

বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

প্রথম দুই ম্যাচেই সিরিজ জয় বাংলাদেশের। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু বেঞ্চের শক্তি যাচাই করতে গিয়ে শেষ ম্যাচে এসে ধরাশায়ী হয়ে গেল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানের কাছে বিশাল ব্যবধানে পরাজিত হলো বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) ৭৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

সফরকারী পাকিস্তানের ব্যাটাররা এদিন আগের দুই ম্যাচের ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসেন। বাংলাদেশের সামনে ছুড়ে দেন ১৭৯ রানের লক্ষ্য। মিরপুরের উইকেটের বিবেচনায় যা পাহাড়সমই বলতে হয়। কিন্তু বড় লক্ষ্য তাড়া করতে গেলে যে মানসিকতার প্রয়োজন হয়, সেটা দেখাতে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ওভার থেকেই উইকেট পতনের শুরু। যে পতন কেবলই চলেছে। তাই তো ৪.৪ ওভারেই বাংলাদেশের স্কোর ২৫/৫।

সপ্তম ওভারে দলীয় ৩৪ রানে ষষ্ঠ এবং অষ্টম ওভারে দলীয় ৪১ রানে সপ্তম উইকেটের পতন হয়। প্রথম সাত ব্যাটারের মধ্যে কেবল মোহাম্মদ নাঈম শেখ ২ অঙ্কের স্কোর গড়তে পেরেছেন। সপ্তম ব্যাটাররা হিসেবে ফেরা নাঈমের স্কোর ১৭ বলে ১০। আর বাংলাদেশ শেষ পর্যন্ত করতে পেরেছে ১০৪ রান। ১৬.৪ ওভারে গুটিয়ে গেছে তারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান সেটাই করেছে। বিশেষ করে সাহিবজাদা ফারহান। এই ওপেনার এদিন ৪১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলেছেন। হাসান নওয়াজ খেলেছেন ১৭ বলে ৩৩ রানের ইনিংস। সুবাদে ৭ উইকেটে ১৭৮ রানের পুঁজি পায় দলটি।

সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় এদিন পাঁচ পরিবর্তন নিয়ে খেলতে নামেন স্বাগতিকরা। তানজিদ হাসান (২ বলে ০), লিটন দাস (৮ বলে ৮), মেহেদী হাসান মিরাজ (৮ বলে ৯), জাকের আলী (২ বলে ১), মাহেদী হাসানরা (২ বলে ০) ব্যর্থ হন।

শেষ দিকে ৩৪ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংসে সাইফউদ্দিন কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছেন। আর দলের রানটাকে নিয়ে গেছেন একশর ওপরে। এ ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের প্রাপ্তি বলতে ওই একটিই!

আপনার মন্তব্য

আলোচিত