১০ আগস্ট, ২০২৫ ২০:৪৭
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলেও অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত হয়েছে বাংলাদেশের। বাছাইপর্বের তিনটি সেরা রানার্সআপ দলের একটি হিসেবে আগামী বছর থাইল্যান্ডে হতে যাওয়া চূড়ান্ত পর্বের ছাড়পত্র পেয়েছে আফঈদা খন্দকার প্রান্তিরা।
রবিবার (১০ আগস্ট) ‘এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলে হেরেছে। এতে তিন ম্যাচের তিনটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে মূল পর্ব নিশ্চিত হয় দক্ষিণ কোরিয়ার। বাংলাদেশ এই ম্যাচে ন্যূনতম ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতো। তবে বড় হারের পরও তাদের সম্ভাবনা জিইয়ে ছিল। কারণ প্রথম দুই ম্যাচের ফলাফলে ভালো অবস্থানে ছিল তারা।
স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে হারায় ৮-০ গোলে। ৩ ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা শেষ করে তারা। এই তিন ম্যাচে ১২ গোলের বিপরীতে হজম করে ৭ গোল। অর্থাৎ গোল পার্থক্য ছিল +৫।
৩৩ দলের বাছাইপর্ব থেকে ৮টি গ্রুপ চ্যাম্পিয়ন দলের পাশাপাশি ৩টি সেরা রানার্সআপ দল মূল পর্বে খেলবে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারের পর গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে খুব ভালোভাবে ছিল বাংলাদেশ। তবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হতো। অবশ্য সব গ্রুপ নয়, শুধু ‘ই’ গ্রুপে চীন ও লেবানন ম্যাচের ফল পক্ষে এলেই হতো। লেবানন হারলেই বাংলাদেশের চূড়ান্ত পর্ব নিশ্চিত হতো।
বাংলাদেশ সময় সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচে চীনের কাছে ৮-০ গোলের বড় ব্যবধানে হেরেছে লেবানন। ফলে বাংলাদেশের অন্তত সেরা তিন রানার্সআপ দলের একটি হওয়া নিশ্চিত হয়ে গেছে।
কিছুদিন আগেই সিনিয়র জাতীয় দল প্রথমবারের মতো এশিয়া কাপ নিশ্চিত করেছে। আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া মূল পর্বে খেলবে তারা। পাশাপাশি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বেও খেলবে মেয়েরা। একই বছর মেয়েদের এই দু-দুটি অর্জনকে অভাবনীয়ই বলতে হয়।
আপনার মন্তব্য