স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট, ২০২৫ ১০:৫৬

জয়ে শুরু রিয়াল মাদ্রিদের লা লিগা পুনরুদ্ধার পর্ব

গত মৌসুমে বার্সেলোনার কাছে লা লিগার শিরোপা হারানো রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমে শিরোপা পুনরুদ্ধার পর্ব শুরু করেছে জয় দিয়ে। গত রাতে তারা হারিয়েছে ওসাসুনাকে। রিয়ালের পক্ষে একমাত্র গোল করেন কিলিয়ান এমবাপে।

নতুন কোচ শাবি আলানসো ও এক ঝাঁক নতুন খেলোয়াড় নিয়ে রিয়ালের মৌসুম শুরু হয়েছে প্রতাপ নিয়েই। গোল একটিমাত্র হলেও মাঠে রিয়ালের ছিল একচ্ছত্র নিয়ন্ত্রণ।

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে ১-০ গোলে জয়ের ম্যাচে বল দখল, সুযোগ তৈরি, গোলের জন‍্য শট ও লক্ষ‍্যে রাখা- সব সূচকেই অনেক এগিয়ে ছিল রিয়াল।

৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১৮টি শট নেয় রিয়াল, এর পাঁচটি ছিল লক্ষ‍্যে। ওসাসুনার দুটি চেষ্টার একটিও লক্ষ‍্যে ছিল না।

প্রথমার্ধের প্রায় পুরোটা সময় খেলা হচ্ছিল ওসাসুনার রক্ষণের সামনে। বলতে গেলে ২১ জন খেলোয়াড়ই ছিল ওখানে।

দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপে। ফরাসি ফরোয়ার্ডকেই হুয়ান ক্রুস ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল।

গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এবার নিজের প্রথম ম‍্যাচেই পেলেন জালের দেখা।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন ওসাসুনার আবেল ব্রেতোনেস।

আপনার মন্তব্য

আলোচিত