০১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৮
প্রথমে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা, কিন্তু পরে সেই লিড ধরে রাখতে পারেনি। উপরন্তু রায়ো ভাইয়েকানোর বিপক্ষে হার এড়াল তারা গোলরক্ষকের দৃঢ়তায়। পোস্টের নিচে আস্থার প্রতীক হয়ে দারুণ লড়াই করলেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া।
লা লিগায় রোববার ভাইয়েকানোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।
প্রথমার্ধে লামিনে ইয়ামালের গোলে এগিয়ে গিয়েছিল তারা। দ্বিতীয়ার্ধে ফ্রান পেরেসের গোলে সমতা ফেরায় ভাইয়েকানো।
৫৬ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নেয় বার্সেলোনা, এর কেবল তিনটি ছিল লক্ষ্যে। অন্য দিকে দ্বিতীয়ার্ধে সফরকারীদের প্রবল চাপে রাখা ভাইয়েকানো গোলের জন্য ১৩ শট নিয়ে সাতটি রাখে লক্ষ্যে।
পোস্টের নিচে ব্যস্ত সময় কাটানো বার্সেলোনা গোলরক্ষক গার্সিয়া ছয়টি চমৎকার সেভে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
৪০তম মিনিটে সফল স্পট কিকে বার্সেলোনাকে এগিয়ে নেন ইয়ামাল। তাকেই ভাইয়েকানো ডিফেন্ডার পেপ চাভারিয়া ফাউল করায় পেনাল্টি পায় সফরকারীরা। চলতি আসরে এটি বার্সেলোনা ফরোয়ার্ডের দ্বিতীয় গোল।
বার্সেলোনাকে বেশ চাপে রাখা ভাইয়েকানো সমতা ফেরায় ৬৭তম মিনিটে। ইসি পালাসনের কর্নারে দূরের পোস্টে অরক্ষিত পেরেসের শট পোস্টে লেগে জড়ায় জালে। ভালেন্সিয়া থেকে আসা তরুণ ফরোয়ার্ডের নতুন ক্লাবে এটাই প্রথম গোল।
ছয় মিনিট পর ভাইয়েকানোকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করেন হোর্হে দে ফ্রুটোস। গার্সিয়াকে একা পেয়েও জালের দেখা পাননি তিনি। চমৎকার রিফ্লেক্সে ঝাঁপিয়ে বার্সেলোনাকে সমতায় রাখেন গোলরক্ষক।
৮৬তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও গোল পায়নি ভাইয়েকানো। অফসাইড ছিলেন সের্হিও কামেয়ো।
চার মিনিট পর ডাবল সেভে স্বাগতিকদের হতাশ করেন বার্সেলোনা গোলরক্ষক। পেরেসের শট কোনোমতে ফেরানোর পর কামেয়োর দুর্বল শট ঠেকিয়ে দেন তিনি।
৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। টানা তিন জয়ে প্রথম দুটি স্থানে আছে রিয়াল মাদ্রিদ ও আথলেতিক বিলবাও।
আপনার মন্তব্য