০৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪৫
বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে সহজ জয় পেয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার এস্তাদিও মনুমেন্তালে শুক্রবার বাংলাদেশ সময় সকালে আর্জেন্টিনার জয় ৩-০ গোলে। ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি; অন্য গোলটি লাউতারো মার্তিনেজের।
ধারণা করা হচ্ছে ঘরের মাটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচ। ২০ বছর আগে এই একই স্টেডিয়ামে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল মেসির। দিনটা ২০০৫ সালের ৯ অক্টোবর ছিল অভিষেক।
এই জোড়া গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। একই সঙ্গে বিশ্বকাপ বাছাই ইতিহাসে তার গোলসংখ্যা দাঁড়াল ৩৫-এ। জাতীয় দলের হয়ে এটি ছিল তার ১১৩তম গোল, যার মধ্যে ১০০টিই এসেছে বাম পায়ে। লিওনেল স্কালোনির অধীনে এটি তার ৪৮তম গোল, যা তাকে আর্জেন্টিনার সর্বকালের শীর্ষ গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করল।
৩৯ মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের পাস ধরে জুলিয়ান আলভারেজ বল বাড়ান মেসির দিকে। মনুমেন্তালে হাজির ৮০ হাজারের মতো দর্শককে উল্লাসে মাতান এলএমটেন। ঠাণ্ডা মাথায় চিপ শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন কিংবদন্তি। দ্বিতীয়ার্ধে নিকো গঞ্জালেসের ক্রসে লাউতারো মার্টিনেজ হেডে গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর থিয়াগো আলমাদার সঙ্গে দারুণ বোঝাপড়ায় সহজ ট্যাপ-ইনে জোড়া গোল পূর্ণ করেন মেসি।
২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমার শিরোপা জেতা মেসি এবার দেশের মাটিতে শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচকেও রূপ দিলেন অবিস্মরণীয় স্মৃতিতে। আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে আর্জেন্টিনার বাছাই মিশন।
আপনার মন্তব্য