০২ নভেম্বর, ২০২৫ ১০:৩৩
ছবি: রয়টার্স
জিতেই চলেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে দলে সঙ্গে ব্যবধান করেছে ৭। কাল রাতে তাদের আরেক জয় ভ্যালেন্সিয়ার বিপক্ষে। ম্যাচে রিয়ালদের জয়ের ব্যবধান ৪-০।
সান্তিয়াগো বের্নাবেউয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। গোল করেছেন জুড বেলিংহ্যাম ও আলভারো কারেরাস। পুরো মাঠে নিজেদের উজ্জল উপস্থিতির প্রমাণ রাখতে পারলেও পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র।
ম্যাচে প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। এই ম্যাচ শেষে ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রিয়ালের।
দিনের আরেক ম্যাচে, রায়ো ভাইয়েকানোকে ৪-০ গোলে গুঁড়িয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে ভিয়ারিয়াল, ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ২২ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।
ম্যাচের ১৯তম মিনিটে গোলও পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। ভালেন্সিয়ার ডি-বক্সে তাদের ডিফেন্ডার সেসার তারেগার হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন গত সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়া এমবাপে। লা লিগায় টানা আট ম্যাচে জালের দেখা পেলেন ফরাসি তারকা।
৩১তম মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে আর্দা গিলেরের বাড়ানো ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে ভলিতে বল জালে জড়ান বিশ্বকাপ জয়ী তারকা। ২০২৪-২৫ মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ী এবারও লিগের গোলদাতার তালিকায় আছেন শীর্ষে, আসরে ১১ ম্যাচে তার গোল হলো ১৩টি।
৪২তম মিনিটে আলভারো কারেরাস ডি-বক্সে ফাউলের শিকার হলে আবার পেনাল্টি পায় রিয়াল। এবার স্পট কিক নেন ভিনিসিয়াস, কিন্তু তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। দুই মিনিট পরেই অবশ্য দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান বেলিংহ্যাম। ফেদেরিকো ভালভের্দের পাস ধরে ডি-বক্সের বাইরে একজনের চ্যালেঞ্জ সামলে, জোরাল শটে দূরের পোস্ট দিয়ে বল ঠিকানায় পাঠান ইংলিশ মিডফিল্ডার। এই নিয়ে টানা তিন ম্যাচে জালের দেখাও পেলেন তিনি।
ম্যাচের শেষ ও চতুর্থ গোল করেন কারেরাস। রদ্রিগোর প্রচেষ্টা রক্ষণে প্রতিহত হওয়ার পর, বল পেয়ে আচমকা দুর্দান্ত শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান স্প্যানিশ লেফট-ব্যাক।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ, লিভারপুলের মাঠে।
আপনার মন্তব্য