১৩ নভেম্বর, ২০২৫ ২২:০৪
পাঁচ বছর পর নেপালের বিপক্ষের জয়ের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়ে গেছে। বাংলাদেশ ও নেপালের ম্যাচ শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে।
বাংলাদেশে হয়ে জোড়া গোল করেছেন হামজা চৌধুরী।
বাংলাদেশ সর্বশেষ নেপালকে হারিয়েছিল ২০২০ সালের ১৩ নভেম্বর। ঠিক পাঁচ বছর পর একই দিনে এসেছিল সুযোগ, কিন্তু এটা সম্ভব হয়নি। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল খেয়ে হতাশ হতে হয় বাংলাদেশকে।
ম্যাচের ৯৩তম মিনিটে কর্নার থেকে আসা বলে পা ছুঁইয়ে নেপালকে সমতায় ফিরিয়েছেন অনন্ত তামাং।
এরআগে ম্যাচের ৪৮তম মিনিটে রাকিব হোসেন নেপাল বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পট কিক নিতে যান হামজা। ঠাণ্ডা মাথায় হামজার নেওয়া পানেনকা শটে ভুল দিকে ঝাঁপিয়েছেন নেপাল গোলকিপার কিরন কুমার।
হামজা চৌধুরীর প্রথম গোলটা ছিল সমতাসূচক। বিরতির পর প্রথম মিনিটেই ওভারহেড কিকে করা দুর্দান্ত গোলটিতে ১–১ সমতায় ফিরে বাংলাদেশ। ডান পাশ থেকে ফাহিমের ক্রস নেপালের এক খেলোয়াড় হেডে বিপদমুক্ত করতে চেয়েছিলেন, সেই বল বক্সের বাইরে পেয়ে যান জামাল ভূঁইয়া। তার বাড়ানো বল ওভারহেড কিকে জালে পাঠিয়েছেন হামজা। বাংলাদেশ দলের হয়ে তৃতীয় গোল তার।
২৯ মিনিটে নেপালের ডিফেন্ডার সুমিত শ্রেষ্ঠার কাটব্যাক থেকে নেপালকে শুরুতে এগিয়ে দিয়েছিলেন রোহিত চাঁদ।
নেপালের সঙ্গে আজ পর্যন্ত ২৬ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে জয় ১৩টিতে, হার ৮টি, ড্র হয়েছে ৫ ম্যাচ।
আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা, সোহেল রানা (সিনিয়র), রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ।
আপনার মন্তব্য