সিলেটটুডে ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:০১

চলতি শতকের প্রথম ২৫ বছরের সেরা ক্রীড়াবিদ মেসি; দশম স্থানে ক্রিস্টিয়ানো

ছবি: সংগৃহীত

একবিংশ শতাব্দীর এক–চতুর্থাংশ শেষ হতে চলেছে। ২০২৫ সালের সমাপ্তির মাধ্যমে এই শতাব্দীর প্রথম এক-চতুর্থাংশে ‘সেরাদের মধ্যে সেরা’ কে—এ প্রশ্ন তোলাটা প্রায় অনিবার্য হয়ে পড়েছে।অনেক জটিলতার মাঝে ঝুঁকি নিয়ে গত ২৫ বছরের সেরা ২৫ ক্রীড়াবিদের একটি র‍্যাঙ্কিং করেছেন ফরাসি ভাষার কানাডীয় গণমাধ্যম লে জার্নাল কুইবেক।

প্রত্যেক ক্রীড়াবিদই নিজ নিজ খেলায় ভিন্ন ভিন্নভাবে আধিপত্য দেখিয়েছেন ।দলগত খেলাকে অগ্রাধিকার দেবেন নাকি ব্যক্তিগত খেলাকে? অলিম্পিক খেলাধুলা নাকি পেশাদার লিগ? সিদ্ধান্ত নেওয়া সহজ নয়।

জার্নাল কুইবেক এর তৈরি করা এই র‍্যাঙ্কিংয়ের ক্রীড়াবিদের অর্জন ও রেকর্ড, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব, প্রজন্মগত অনুপ্রেরণা আর খেলাধুলার বাইরে ব্যক্তিগত ব্র্যান্ডের ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন মেসি এবং দশম স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো ।

লিওনেল মেসি

বিশ্বজুড়ে ফুটবলের মতো আবেগ জাগানো আর কোনো খেলা নেই। ফুটবলের দুনিয়ায় প্রজন্মের সেরা ক্রীড়াবিদ নিঃসন্দেহে লিওনেল মেসি। কেউ কেউ তাঁকে সর্বকালের সেরাও বলেন। আর্জেন্টাইন এই মহাতারকার অর্জনের শেষ নেই ।রয়েছে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা, আটবার ব্যালন ডি’অর।

আর্জেন্টিনা ও এফসি বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতাও তিনি। তাঁর অর্জন কিংবদন্তি রূপ পেয়েছিল অনেক আগেই । ২০২২ সালে ৩৪ বছর বয়সে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর মাধ্যমে তিনি সেটিতে চূড়ান্ত এক বিস্ময়সূচক চিহ্ন যোগ করেন, বিশ্বজুড়ে হয়ে ওঠেন খেলাধুলার মহাতারকা।

ক্রিস্টিয়ানো রোনালদো

ফিফা বিশ্বকাপ জেতা বাদে ফুটবলের বাকি সব শীর্ষ প্রতিযোগিতাতেই অবিশ্বাস্য সব অর্জন আছে ক্রিস্টিয়ানো রোনালদোর ঝুলিতে। বছরের সেরা খেলোয়াড় হিসেবে পাঁচবার ব্যালন ডি’অর জেতা এই পর্তুগিজ তারকা যেখানেই খেলেছেন, সেখানেই দুর্দান্ত সব রেকর্ড গড়েছেন। পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি প্রিমিয়ার লিগ আর দুটো লা লিগা শিরোপায় উদ্ভাসিত তাঁর ক্যারিয়ার।

চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৪০ গোল এবং আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের রেকর্ড রোনালদোর দখলে। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি চারটি ভিন্ন ক্লাবের হয়ে ১০০টির বেশি গোল করেছেন, খেলেছেন ১৩ শতাধিক ম্যাচ। এক বিলিয়নের বেশি অনুসারী নিয়ে তাঁর অটুট প্রভাব সামাজিক যোগাযোগমাধ্যমে ।

এছাড়াও এই র‍্যাঙ্কিংয়ের ২য় স্থানে আমেরিকান ফুটবলার টম ব্র্যাডি, ৩য় স্থানে সাঁতারু মাইকেল ফেলপস,৪র্থ স্থানে যুক্তরাষ্ট্রের টেনিসকন্যা সেরেনা উইলিয়ামস, ৫ম স্থানে জ্যামাইকান দৌড়বিদ উসাইন বোল্ট , ৬ষ্ঠ স্থানে বাস্কেটবলার লেব্রন জেমস, ৭ম স্থানে টেনিস খেলোয়ার নোভাক জোকোভিচ, ৮ম স্থানে জিমন্যাস্ট সিমোন বাইলস, ৯ম স্থানে রয়েছেন বাস্কেটবলার কোবে ব্রায়ান্ট।

আপনার মন্তব্য

আলোচিত