সিলেটটুডে ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২৬ ০০:০১

বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না গেলে খুলতে পারে স্কটল্যান্ডের ভাগ্য

ইএসপিএনক্রিকইনফোর খবর

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কি না, বিশেষ করে টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে কি না, তা চূড়ান্ত হতে যাচ্ছে বুধবারের মধ্যে।

এমন তথ্য দিয়ে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর জানিয়েছে, ঢাকায় শনিবারের বৈঠকে এই সময়সীমাই বেঁধে দেওয়া হয়েছে বিসিবিকে।

ওই বৈঠকের পর বিসিবি যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল, সেখানে এমন কিছু উল্লেখ করা হয়নি।

আইসিসি ও বিসিবির দ্বিতীয় বৈঠক ছিল এটি। গত বুধবার ভিডিও কনফারেন্সে প্রথম দফায় আলোচনা হয়। এরপর শনিবার আইসিসির প্রতিনিধি ঢাকায় আসেন সামনাসামনি কথা বলতে। অনলাইনে সভায় যোগ দেন আইসিসির আরেক প্রতিনিধি।

দুটি সভাতেই ভারতের বিশ্বকাপ খেলতে না যেতে আগের অবস্থানেই অনড় থাকার আইসিসিকে জানিয়ে দেয় বিসিবি। তবে আইসিসিও আরেক দফায় জানিয়ে দেয়, সূচিতে কোনো পরিবর্তন তারা আনবে না।

বৈঠকের পর বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, বাংলাদেশের গ্রুপ বদলের সম্ভাব্যতা নিয়ে সভায় আলোচনা হয়েছে। তবে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ পরিবর্তনের আলোচনা ছিল বিসিবির পক্ষ থেকেই। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের জায়গা বদলের প্রস্তাব দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে। তবে সেটিতে রাজি হয়নি আইসিসি।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির রাজি না হওয়ার ব্যাপারটি উল্লেখ করা হয়নি।

বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০ দলের কাছে আইসিসির স্বাধীন সিকিউরিটি এজেন্সি যে প্রতিবেদন পাঠিয়েছে, সেখানে ভারতের সার্বিক ঝুঁকির পরিমাণ মাঝারি থেকে উঁচু বলে উল্লেখ করা হয়েছে। তবে কোনো সফরকারী দলের প্রতিই সরাসরি ও সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানানো হয়েছে।

আগের সভার মতো শনিবারের সভায়ও আইসিসি বাংলাদেশকে নিশ্চিত করেছে, ভারতে কোনো নিরাপত্তা ঝুঁকি তাদের নেই।

এই সভার আলোচনা নিয়ে জানাশোনা আছে, এমন ব্যক্তিদের বরাতে ইএসপিএনক্রিকইনফো লিখেছে, বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেই অপেক্ষা করছে আইসিসি। বিশ্বকাপে খেলতে বাংলাদেশ যদি ভারতে না যায়, তাহলে বিকল্প দলকে বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট ওয়েবসাইটটি। র‌্যাঙ্কিং অনুযায়ী, সেই দলটি হবে স্কটল্যান্ড।

আপনার মন্তব্য

আলোচিত