২৬ জানুয়ারি, ২০২৬ ১৩:৫৬
রোববার মধ্যরাতে দেশ ছেড়েছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল—এমনই গুঞ্জন বেশ ডালপালা মেলেছিল। তবে সোমবার সকালে তাকে ঠিকই দেখা গেল বিসিবিতে। দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ায় বেশ বিরক্তও তিনি।
বাংলাদেশ ক্রিকেটের জন্য সময়টা বেশ অস্থির। আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না পারা, একজন বোর্ড পরিচালকের পদত্যাগ, আরেকজন বোর্ড পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ, সব মিলিয়ে টালমাটাল অবস্থা। এই সময়ে রোববার রাত থেকে খবর ছড়িয়ে পড়ে, দেশ ছেড়েছেন আমিনুল। কিছু সংবাদ মাধ্যমেও এমন খবর প্রকাশিত হয়।
সামাজিক মাধ্যমেও রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তোলপাড় চলতে থাকে। আমিনুল বলেন, “আমার লোকেশন জানানো কি সত্যিই জরুরি? ডু আই ওয়ার্ক অ্যাট দা বিসিবি? আমার ব্যক্তিগত জীবন নিয়ে লোকের কেন এত আগ্রহ?”
পরে বিসিবি মিডিয়া ব্লক থেকে মূল কার্যালয়ে যাওয়ার সময় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কি মনে হচ্ছে, আমি কি দেশের বাইরে?”
আমিনুলের পরিবার অনেক বছর ধরেই থাকেন মেলবোর্নে। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরও কয়েক দফায় মেলবোর্নে গিয়েছেন তিনি। সেখান থেকে অনলাইনে অফিসও করেছেন। আবার সেখানে গেলেও তাই প্রশ্ন বা বিস্ময়ের কিছু এমনিতে থাকার কথা নয়। তবে দেশের ক্রিকেটের চরম সঙ্কটের মুহূর্তে তিনি চলে যাচ্ছেন বা জাতীয় নির্বাচনের আগে নাও ফিরতে পারেন, এমন গুঞ্জন ছড়িয়েই মূলত খবরটি ভিন্ন মাত্রা পেয়েছিল।
আপনার মন্তব্য