০৭ জুন, ২০২৬ ২২:০১
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছেন তামিম ইকবাল। একই সঙ্গে বিসিবির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
রোববার (৭ জুন) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয় ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন।
নির্বাচনের প্রথম ধাপে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে রেকর্ড সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। এরপর নবনির্বাচিত পরিচালকদের ভোটে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হন তিনি।
ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন, যার মধ্যে ভোট দিয়েছেন ৭৪ জন। নির্বাচনে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নেয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩টি ভোট পেয়ে পর্ষদে নিজের জায়গা নিশ্চিত করেছেন।
এরপর পরিচালক পর্ষদ গঠনের পর বোর্ড রুমে বসে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া। তবে এই পদে তামিম ইকবাল ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় ভোটের প্রয়োজন পড়েনি। সর্বসম্মতিক্রমে তামিমকেই পরবর্তী মেয়াদের জন্য বিসিবি প্রধান ঘোষণা করা হয়।
আপনার মন্তব্য