০২ জুলাই, ২০২৬ ১৩:১৩
ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল। তবে শেষ পাঁচ মিনিটে রোমেলু লুকাকু ও ইউরি টিলেমানসের জোড়া গোলে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসে বেলজিয়াম।
নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ হওয়া ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ১৬ নিশ্চিত করেছে ইউরোপের দলটি।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাতে সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে শেষ হয়।
অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ১০৮ মিনিটে ব্যবধান ফের বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিল সেনেগাল। বক্সের ভেতরে ইব্রাহিম এমবায়ের বাঁ পায়ের শট অল্পের জন্য পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর সেনেগালের আরেকটি প্রচেষ্টা রুখে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া।
১১৬ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি ডডি লুকাবাকিও। টিমোথি কাস্তানের নিচু ক্রস থেকে বক্সের ভেতরে বল পেয়ে ডান পায়ের শট নেন তিনি। কিন্তু তার শট ক্রসবারে লাগে।
এরপরই নাটকীয় মুহূর্ত। ক্রসটি আসার সময় ইউরি টিলেমানসকে ফাউল করা হয়েছে বলে পেনাল্টির দাবি তোলে বেলজিয়াম। রিপ্লেতে দেখা যায়, লামিন কামারা বল স্পর্শ না করে টিলেমানসকে ফেলে দেন। ভিএআর পর্যালোচনার পর রেফারি হেক্টর সোর্তো পেনাল্টির বাঁশি বাজান।
অতিরিক্ত সময়ের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে (১২০+৫) স্পট কিক থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠান ইউরি টিলেমানস। তার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম।
গোল হজমের পর শেষ সুযোগ হিসেবে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় সেনেগাল। কিন্তু মাতার সারের নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হলে সমতায় ফেরার শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। এরপরই শেষ বাঁশি বাজান রেফারি।
নাটকীয় এই জয়ে ৩-২ ব্যবধানে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ১৬-তে জায়গা করে নেয় বেলজিয়াম। অন্যদিকে দুই গোলে এগিয়েও শেষ পর্যন্ত হার মেনে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় আফ্রিকার দেশটিকে।
আপনার মন্তব্য