২১ জুন, ২০১৮ ১৫:১২
বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সাথে ১-১ গোল ড্র করে নিজেদের অবস্থানকে শঙ্কায় ফেলে দিয়েছে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার বিপক্ষে আজকের কঠিন লড়াইয়ে জয় ছাড়া বিকল্প রাস্তা নেই তাদের সামনে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়তে পারেন অ্যাঙ্গেল ডি মারিয়া ও মার্কোস রোহোর মতো তারকারাও। পরিবর্তন আসতে পারে—এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে সব জায়গায়।
সাম্পাওলির অধীনে আর্জেন্টিনা যে ১২টি ম্যাচ খেলেছে তাঁর কোনোটিতেই তিনি একই একাদশ দ্বিতীয়বার খেলাননি। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে নতুন একটা একাদশই হয়তো দেখা যাবে। নিশ্চয়ই নতুন কোনো 'নীলনকশা' তৈরি করে প্রস্তুত তিনি। একাদশ অদলবদল করে খেলানোয় তাঁর জুড়ি মেলা ভার।
সাম্পাওলি আইসল্যান্ডের বিপক্ষে দলকে ৪-২-৩-১ ফরমেশনে খেলিয়েছিলেন। ক্রোয়াটদের বিপক্ষে দেখা যেতে পারে ৩-৩-৩-১ অথবা ৩-৪-৩। তবে আজ ৪-৩-৩ ফরমেশনকেই প্রাধান্য দেবেন বলে ইঙ্গিত মিলেছে। যেখানে হয়তো জায়গা হবে না আগের ম্যাচের ডিফেন্ডার রোহো, মিডফিল্ডার লুকাস বিগলিয়া ও উইঙ্গার ডি মারিয়ার। তাঁদের স্থলে একাদশে জায়গা পেতে পারেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মারকাদো, মিডফিল্ডার ক্রিস্টিয়ান পাভোন ও মার্কোস আকুনা।
যথারীতি গোলরক্ষকের দায়িত্বে থাকবেন কাবায়েরো। আইসল্যান্ডের বিপক্ষে চার ডিফেন্ডার নিয়ে দল সাজিয়েছিলেন সাম্পাওলি। দুই সেন্টারব্যাকের একজন রোহো ছিলেন একেবারেই সাদামাটা। তাই ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডারকে ছাড়াই তিন সেন্টারব্যাক নিয়ে নামতে চাচ্ছেন তিনি। এখানে নতুন মুখ সেভিয়ার ডিফেন্ডার মারকাদো। তিন রক্ষণভাগের সামনে মাঝমাঠে হাভিয়ের মাচেরানোর সঙ্গে ‘ডাবল পিভট’ হিসেবে থাকবেন ম্যাক্সিমিলিয়ানো মেজা। ডান পাশে এদুয়ার্দো সালভিও ও বাঁ পাশে স্পোর্টিং লিসবনে খেলা মার্কাস অ্যাকুইনা। তাঁদের মধ্যে বেনফিকার উইঙ্গার সালভিও শেষ ম্যাচে খেলেছিলেন রাইটব্যাক হিসেবে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে তাঁকে এবার মাঝমাঠে নিয়ে আসতে পারেন সাম্পাওলি। সাম্পাওলি হয়তো এখনো নিশ্চিত হতে পারছেন না মেজা, পাভোন ও এনজো পেরেজের মধ্যে কোন দুজনকে খেলাবেন।
বার্সেলোনার পরিচিত ট্যাকটিকসে—ডান প্রান্তে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। বার্সার মেসিকে মস্কোয় পেতে চাচ্ছেন সাম্পাওলি। স্বাভাবিকভাবে প্রতিপক্ষের রক্ষণ নড়বড়ে করে দেয়ার দায়িত্ব মেসির হাতেই। আর বাঁ প্রান্তে ডি মারিয়ার জায়গায় খেলবেন বোকা জুনিয়র্সের নিয়মিত মুখ পাভোন। আর ‘নম্বর নাইন’ হিসেবে প্রথম ম্যাচে গোল পাওয়া সার্জিও আগুয়েরোর ওপরই আস্থা থাকবে কোচের।
সম্ভাব্য একাদশ: উইলি কাবায়েরো (গোলরক্ষক), নিকোলাস তাগলিয়াফিকো, নিকোলাস ওটামেন্ডি, গ্যাব্রিয়েল মারকাদো (রক্ষণভাগ), মার্কোস অ্যাকুইনা, হাভিয়ের মাচেরানো, ম্যাক্সিমিলিয়ানো মেজা (পেরেজ), এদুয়ার্দো সালভিও (মাঝমাঠ), ক্রিস্টিয়ান পাভোন (মেজা), লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরো (ফরোয়ার্ড)।
আপনার মন্তব্য