২২ জুন, ২০১৮ ২১:৪৭
রাশিয়া বিশ্বকাপে দলের ভাগ্য গণনা করে এরইমধ্যে আলোচনায় এসেছে বধির বিড়াল অ্যাকিলিস। সেইন্ট পিটার্সবার্গের হার্মিটেজ জাদুঘরে থাকা অ্যাকিলিস ২০১৭ সালে কনফেডারেশন কাপে ভবিষ্যদ্বাণী করে শুভ সূচনা করে।
শুক্রবার (২২ জুন) ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে তাতে অ্যাকিলিস ব্রাজিলের জয়কেই নির্দেশ করেছিল। সেটাই ফলেছে নেইমার ও কৌতিনিয়োর জোড়া গোলে।
সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার ম্যাচের আগে অ্যাকিলিসের সামনে দুই দলের পতাকা দুইপাশে রেখে সঙ্গে থাকা পাত্রে পানির মধ্যে কিছু বাদাম দিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে বধির বিড়াল অ্যাকিলিসের চোখ কোস্টারিকার পতাকার দিকে থাকলেও পরবর্তীতে ব্রাজিলকেই বেছে নিয়েছিল সে।
এর আগে গত ১৭ জুন জার্মানি-মেক্সিকো ম্যাচে জার্মানিকে জয়ী হিসেবে ফল জানায় একটি বাঘ। তবে বাঘের সে ভবিষ্যদ্বাণী মিথ্যা হওয়ায় আর আলোচনায় আসেনি।
তারও আগে ভবিষ্যদ্বাণী করে অল্প সময়েই বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছিল অক্টোপাস পল। সামুদ্রিক এ প্রাণী ২০০৮ ইউরোতে জার্মানির ৬টি ম্যাচের ভবিষ্যদ্বাণী করে ৪টি ম্যাচেরই সঠিক ফল জানায়। এর দুই বছর পর ২০১০ বিশ্বকাপে জার্মানির ৭টি ম্যাচ নিয়েই সঠিক ভবিষ্যদ্বাণী দেয় পল। এমনকি স্পেন বিশ্বকাপ জিতবে বলেও ভবিষ্যদ্বাণী দেয় সে। ওই বিশ্বকাপের পর ২০১০ সালের অক্টোবরেই মারা যায় অক্টোপাস পল।
আপনার মন্তব্য