উত্তম কাব্য

২৩ জুন, ২০১৮ ০১:৩৪

সিলেটজুড়ে বিশ্বকাপ উন্মাদনা

বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ওই সন্ধ্যায় নগরীর জিন্দাবাজায় এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা বের করে করে কয়েকজন তরুণ। সবার পরনে আর্জেন্টিনার জার্সি। মাথায় সে দেশের পতাকা।

শুক্রবার রাতে ব্রাজিল এই বিশ্বকাপের প্রথম জয় তুলে নেয়। এরপরই ব্রাজিল ব্রাজিল রব তুলে নগরীতে খন্ড মিছিল হয়ে যায় কয়েকটি।

এইসবই জানান দিচ্ছে বিশ্বকাপ নিয়ে কেমন উন্মাদনা বিরাজ করছে সিলেটে। ফুটবল বিশ্বকাপকে বলা হয় 'গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ'। এই উৎসবে মেতে উঠে পুরো বিশ্বব্যাপী। নিজেরা কোনোদিন অংশ নিতে পারবে কী না এই নিয়ে অনিশ্চয়তা থাকলেও বাংলাদেশেও মেতে উঠে বিশ্বকাপ উৎসবে। রীতিমতো উন্মাদনা দেখা দেয় বিশ্বকাপ নিয়ে। এবারও তার ব্যতিক্রম নয়। সিলেট নগরী ঘুরলেই তার প্রমাণ পাওয়া যাবে।

৩২ টি দলের অংশগ্রহণে রাশিয়ায় গত ১৪ জুন থেকে শুরু হয়েছে এই মহাযজ্ঞ।

সিলেট নগরের আনাচে কানাচে দিনের বেশিরভাগ সময়ই এখন বিশ্বকাপ নিয়ে আলোচনা। কি করলো আর্জেন্টিনা? ব্রাজিল কি প্রত্যাশা পুরণ করতে পারছে, এবার কী নতুন কোনো শক্তির উত্তান ঘটবে- এমন আলোচনা সবখানে।

বাংলাদেশের অন্যান্য জায়গার মতো সিলেটবাসীরও পছন্দের শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল। যথারীতি বিশ্বকাপের শুরু থেকেই এই দুই শিবিরে বিভক্ত বেশিরভাগ দর্শক। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্ক, বাদানুবাদ ও উত্তেজনাও দেখা দিচ্ছে অনেক সময়।

সিলেট শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় প্রত্যেকের বাসার ছাদে, বাড়ীর গ্রীলে শোভা প্রিয় দলের পতাকার ছবি। স্বভাবতই সবচেয়ে বেশি উড়ছে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা। তাছাড়াও রয়েছে জার্মানী, স্পেন,পর্তুগাল, জাপানসহ কয়েকটি দেশের পতাকা।

প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে কেউ কেউ আরেকধাপ এগিয়ে। অনেক টাকা খরচ করে প্রিয়দলের সর্মথনের তৈরি করেছেন দীর্ঘ লম্বা ব্যানার, ফেস্টুন। দেয়ালে দেয়ালে প্রিয় দলের খেলোয়াড় আর পতাকার ছবিও আঁকানো হয়েছে অনেক জায়গায়।

নগরীর দাড়িয়াপাড়া,লামাবাজার,কাষ্টঘরসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় এরকম বিশাল ব্যানার ফেস্টুনসহ দীর্ঘ পতাকা দেখা গেছে।

বিশ্বকাপ উপলক্ষ্যে বেড়েছে জার্সির বেচাকানাও। ক্রীড়াসামগ্রীর দোকান থেকে শুরু করে বিভিন্ন ফ্যাশন, এমনটি ফুটপাতেও বিক্রি হচ্ছে জার্সি।

নগরীর কাষ্টঘরের বাসিন্দা পার্থ প্রতীম জানান, আমার প্রিয় দল আর্জেন্টিনা। প্রিয় দলকে সর্মথন দিয়েই আমরা কয়েকজন বন্ধু মিলে কয়েকহাত লম্বা পতাকা বানিয়েছি। প্রিয়দল ভাল অথবা খারাপ খেলুক সবসময়ই সর্মথন দিয়ে যাবো।

নগরীর আম্বরখানা পয়েন্টে পতাকা ঘরের সত্তাধীকারী আবুল মিয়া বলেন,আমাদের এখানে সব ফেভারিট দেশের পতাকা ও জার্সি রয়েছে। ২০টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত দামের পতাকা রয়েছে। বিশ্বকাপ উপলক্ষ্যে প্রচুর পতাকা ও জার্সি বিক্রি হচ্ছে।

এছাড়া নগরীর বন্দরবাজার,জিন্দাবাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন কাপড়ের দোকানে বিক্রি করতে দেখা যায় পতাকা ও জার্সি।

বন্দরবাজারে একটি কাপড়ের দোকানের সত্তাধীকারী জয় রায় জানান, ঈদের বেচাকেনার মধ্যে বিশ্বকাপ শুরু হওয়ায় আমাদের জার্সির বিক্রিও ভাল চলছে। আমাদের এখানে সুলভ মুল্যে বিভিন্ন দলের জার্সি পাওয়া যাচ্ছে।

বারুতখানা পয়েন্টের বাসিন্দা লুৎফুননাহার মাসুমা জানান, আমার প্রিয়দল ব্রাজিল। তাদের নান্দনিক ফুটবল খেলা ভাল লাগে। প্রিয় দলের জার্সিও কিনেছি। তবে আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্যান তাই পর্তুগালের খেলাও উপভোগ করি।

আপনার মন্তব্য

আলোচিত