স্পোর্টস ডেস্ক

২৫ জুন, ২০১৮ ১৪:৩৩

গ্রুপে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ মুখোমুখি উরুগুয়ে-রাশিয়া

প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে স্বাগতিক রাশিয়া ও উরুগুয়ে। এবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। আজ সামারা অ্যারেনায় ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে একে অপরকে চ্যালেঞ্জ জানাবে রাশিয়া ও উরুগুয়ে। রাত ৮টায় খেলা শুরু হবে।  খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল মাছরাঙা, নাগরিক, সনি টেন ২ ও টেন ৩। একই সময়ে নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে মোহাম্মদ সালাহর মিশর ও সৌদি আরব।

সৌদি আরবকে উদ্বোধনী ম্যাচে ৫-০ গোলে উড়িয়ে আয়োজক দেশ রাশিয়ার শুরু করে তাদের বিশ্বকাপ মিশন। র‌্যাংকিংয়ের নিচের সারির দল হয়েও আলো ছড়াচ্ছে টুর্নামেন্টে। তবে আজকের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে। গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন ম্যাচে মুখোমুখি হচ্ছে তারা। তাই উরুগুয়ের বিপক্ষে সেই আগ্রাসী মনোভাবটাই ধরে রাখতে চান রাশিয়া কোচ স্তানিসলাভ চেরচিয়েসোভ, ‘আমরা একই ভঙ্গিতে খেলায় প্রস্তুতি নিচ্ছি।’

মিশর ও সৌদি আরবকে খুব বেশি বড় ব্যবধানে হারাতে পারেনি উরুগুয়ে। আক্রমণভাগের ভরসা লুই সুয়ারেস গোলের দেখা পেলেও স্কোর শিটে এখনও নাম উঠেনি এদিনসন কাভানির। তাই সুয়ারেজদের কোচ তাবারেস মনে করছেন তার দল সেরাটা এখনও দেয়নি টুর্নামেন্টে। তাই সেরাটা রাশিয়ার বিপক্ষেই করে দেখাতে চায় তার শিষ্যরা, ‘রাশিয়াকে হারাতে হলে সেরাটাই খেলতে হবে। যা আমরা এখনও করিনি। এর সঙ্গে থাকা প্রয়োজন স্নায়ুশক্তির।’

সেরাটা দিতে চাইলেও উরুগুয়ে শিবিরে রয়েছে চোট চিন্তা। ডিফেন্ডার হোসে মারিয়া গিমেনেজ উরুর চোটে থাকবেন না এই ম্যাচে। অথচ তার শেষ মুহূর্তের গোলেই মিশরকে ১-০ গোলে হারিয়েছিল উরুগুয়ে।

মুখোমুখি লড়াইয়ে ৮ ম্যাচের ৬টিতেই জিতেছে রাশিয়া। যাতে সোভিয়েত ইউনিয়নের ম্যাচগুলি সংযুক্ত। ড্র একটি আর হার একটিতে। উরুগুয়ের সর্বশেষ জয়টি ছিল ১৯৭০ বিশ্বকাপে।

এদিকে একই গ্রুপের (এ) ম্যাচে একই সময়ে রাত ৮টায় মুখোমুখি হবে মিশর ও সৌদি আরব। দুই দলই ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। তাই শেষ ম্যাচটি আনুষ্ঠানিকতার। দুই দলই চাইবে সান্ত্বনার জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে। 

আপনার মন্তব্য

আলোচিত