০৩ অক্টোবর, ২০১৮ ১৭:৩৯
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের ব্যাটিংয়ের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কী সুন্দর খেলে এসেছে ছেলেটা। আমাদের পুরো দল ভালো খেলেছে।
বুধবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।
সেখানে এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ক্রিকেটার লিটন দাস দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে দেবীর ছবিসহ একটি পোস্ট দেওয়া পর ফেইসবুকে ‘বাজে ও বিকৃত’ মন্তব্যের শিকার হন। পরে তিনি ওই পোস্ট সরিয়ে নেন। এ ধরনের পরিস্থিতি সামলাতে সরকার কী উদ্যোগ নেবে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এ ধরনের কাজ করে তারা বিকৃতমনা। সরকার এ ধরনের উগ্রবাদের বিরুদ্ধেই কাজ করছে।এগুলো মোকাবেলার জন্য আমরা সাইবার সিকিউরিটি আইন করেছি। এ ধরনের নোংরামি যেন না হয়।
লিটন দাসের প্রশংসা করে প্রধানমন্ত্রী আরও বলেন, কী সুন্দর খেলে এসেছে ছেলেটা। আমাদের পুরো দল ভালো খেলেছে। কিন্তু যারা এ ধরনের (সাম্প্রদায়িক আক্রমণ) কাজ করে তারা কিভাবে এটা করে বুঝে আসে না। এরা বিকৃতমনা। এই উগ্রবাদ-মৌলবাদের বিরুদ্ধেই আমাদের সরকার কাজ করছে।
এ বিষয়ে সাংবাদিকদের ভূমিকা রাখার পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আপনার মন্তব্য