০৭ অক্টোবর, ২০১৮ ০১:১৪
সবশেষ চার ম্যাচে জয় নেই, সবশেষ চার ম্যাচে কোন গোল নেই, ১৮ বছর পর একটা দলের কাছে হার- রিয়াল মাদ্রিদ, শুনে চমকে যাওয়ার মতই।
ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর গোল করাই যেন ভুলে গেছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা। একের পর এক ব্যর্থতার মাশুল দিয়ে যাচ্ছে স্পেনের সফলতম এই ক্লাবটি।
লা লিগায় শনিবার রাতের ম্যাচটি ০-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ আলাভেস। ২০০০ সালের পর প্রথমবারের মতো রিয়ালের বিপক্ষে জিতল আলাভেস। ২০০১ সালের পর এই প্রথম আলাভাসের জালে বল পাঠাতে ব্যর্থ হল রিয়াল মাদ্রিদ।
যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন মানু গার্সিয়া।
সব ধরনের প্রতিযোগিতায় এনিয়ে টানা চার ম্যাচে জয়শূন্য থাকলো রিয়াল। সবশেষ চার ম্যাচে গোল করতে ব্যর্থ হল লোপেতেগির শিষ্যরা।
লিগে সেভিয়ার মাঠে ৩-০ গোলে হেরে রিয়ালের দুঃসময়ের শুরু। পরে দলটি ঘরের মাঠে গোলশূন্য ড্র করে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সিএসকেএ মস্কোর কাছে ১-০ গোলে হেরে যায় ইউরোপের সফলতম দলটি।
প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালো ছিল রিয়ালের। কিন্তু জালের দেখা পায়নি তারা। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত দুদলই যখন গোলের দেখা পাচ্ছিল না তখনই যোগ করা সময়ের শেষ মুহূর্তে গড়ে দেয় ব্যবধান। কর্নার থেকে রুবেন সোবরিনোর হেড কর্তোয়া এক হাতে ফেরানোর চেষ্টা করলে পেয়ে যান গার্সিয়া। তার হেড সের্হিও রামোসকে এড়িয়ে জালে জড়ায়, এগিয়ে যায় আলাভেস। আর সেই গোল শোধের কোনো সময় ছিল না রিয়ালের। গোলের বাঁশির পরপরই ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি।
৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে আলাভেস। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা গোল পার্থক্যে এগিয়ে রয়েছে শীর্ষে।
আপনার মন্তব্য