স্পোর্টস ডেস্ক

০৮ অক্টোবর, ২০১৮ ১৫:০৫

ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার ড্র

লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা। রোববার রাতে লা লিগার ম্যাচ ড্র হয় ১-১ গোলে। এসেকিয়েল গারায়ের গোলে শুরুতেই এগিয়ে যায় ভালেন্সিয়া। প্রথমার্ধে লিওনেল মেসির গোলে সমতা ফেরায় বার্সেলোনা।

লিগে বার্সেলোনার দিক হারানোর শুরু জিরোনার সঙ্গে ২-২ গোলে ড্র করে। পরের ম্যাচে লেগানেসের কাছে হেরেই যায় এরনেস্তো ভালভেরদের দল। আগের ম্যাচে আথলেতিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল দলটি।

ঘরের মাঠে দ্বিতীয় মিনিটে গারায়ের গোলে এগিয়ে যায় ভালেন্সিয়া। কর্নার থেকে লুইস সুয়ারেসের হেড জেরার্দ পিকের পিঠে লাগলে পেয়ে যান গারায়। অরক্ষিত আর্জেন্টাইন ডিফেন্ডারের জালের দেখা পেতে কেবল একটা টোকার দরকার ছিল।

২১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির বাঁকানো শট পরীক্ষা নিতে পারেনি ভালেন্সিয়া গোলরক্ষক নেতোর। তবে দুই মিনিট পর পারেননি তিনি। সুয়ারেসের সঙ্গে ‘ওয়ান-টু’ খেলে এগিয়ে গিয়ে দারুণ ফিনিশিংয়ে ডান দিকের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন বার্সেলোনা অধিনায়ক।

লিগে এটি মেসির ষষ্ঠ আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে একাদশ গোল। দানি আলভেসকে (২৬) ছাড়িয়ে লা লিগায় মেসির গোলে সবচেয়ে বেশি অবদান রাখা খেলোয়াড় এখন সুয়ারেস (২৭)।

৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে তালিকার দুই নম্বরে আছে বার্সেলোনা। দিনের অন্য ম্যাচে সেল্তা ভিগোকে ২-১ গোলে হারানো সেভিয়া ১৬ পয়েন্ট নিয়ে উঠে গেছে শীর্ষে।

রিয়াল বেতিসকে ১-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ বার্সেলোনার সমান ১৫ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে আছে তিন নম্বরে।

১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সমান ১৪ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে পরের দুটি স্থানে আছে এস্পানিওল ও আলাভেস। ৯ পয়েন্ট নিয়ে আপাতত ১৩ নম্বরে উঠে এসেছে ভালেন্সিয়া।

আপনার মন্তব্য

আলোচিত