সিলেটটুডে ডেস্ক

০৮ নভেম্বর, ২০১৫ ১৬:৫০

ওসমানীনগরে রিপন হত্যা মামলার আসামীদের গ্রেফতার দাবি

সিলেটে সংবাদ সম্মেলন

সিলেটের ওসমানীনগরে ক্বারী সিরাজুল ইসলাম রিপন হত্যা মামলার বাদী ও তার পরিবারের লোকজন হুমকির কারণে নিরাপত্বাহীনতায় ভুগছেন। ৪ আসামী গ্রেফতারের পর তারা উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে হুমকি দিচ্ছে।

রোববার জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বাদী জিলু মিয়া। তিনি অন্য সকল আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান। জিলু মিয়া জানান, অর্থের বিনিময়ে অভিযুক্তরা মামলা থেকে নিজের রক্ষা করতে নানাভাবে চক্রান্ত করে যাচ্ছে। প্রকাশ্যে আসামীরা ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। উপজেলার পড়িয়ার খাই গ্রামের মৃত মন্তাজ উল্লাহের ছেলে মামলার বাদী জিলু মিয়ার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আশরাফ আলী।

বক্তব্যে উল্লেখ করা হয়, ওসমানীনগরের উসমানপুর ইউনিয়নের পড়িয়ার খাই গ্রামের রাস্তা নিয়ে ছালিক মিয়া, দুলু মিয়া, আবদুল কাইয়ুম, জুনেদ মিয়াসহ কয়েকজনের সঙ্গে জিলু মিয়ার ভাই ক্বারী সিরাজুল ইসলাম রিপনের বিরোধ দেখা দেয়। রাস্তা দখল করে প্রবাসী হেলাল মিয়ার পক্ষে তারা গেট নির্মাণ করতে গেলে গ্রামের লোকসহ রিপন অগ্রণী ভূমিকা পালন করেন। ফলে গেট নির্মাণ করতে পারেন নি লন্ডন প্রবাসী হেলাল। গত বছরের ১৪ জুলাই সিরাজুল ইসলাম রিপন নিখোঁজ হন। পরদিন অভিযুক্তদের বাড়ির পাশ থেকে রিপনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওসমানীনগর থানায় মামলা করেন জিলু মিয়া। ওই মামলায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করলেও পরবর্তীতে তারা হাইকোর্ট থেকে জামিন নেয়। জামিনপ্রাপ্ত ও গ্রেফতার না হওয়া অন্য আসামীরা মিলে বর্তমানে তাদেরকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন জিলু মিয়া। এ ব্যাপারে গত ৪ নভেম্বর পুলিশ সুপার বরাবরে অভিযোগ করা হয়েছে। জিলু মিয়া অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সংবাদ সম্মেলনে নিহত রিপনের মা মকলিছা বেগম, বোন সুফিয়া বেগম, গ্রামের মুরব্বী পঞ্চব আলী, সোরাব আলীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত