নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২১ ১৭:২৩

লালবাজারে সাড়ে চার মণ ওজনের বাঘাইড়

বিক্রির জন্য সিলেট নগরের লালবাজারে তোলা হয়েছে বিশালাকৃতির এক বাঘাইড় মাছ। আজ শনিবার বাজারে আনা মাছির ওজন প্রায় সাড়ে চার মণ।

বিশাল এই মাছটি সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে শুক্রবার (৭ মে) রাতে ধরা পড়ে বলে জানিয়েছেন বিক্রেতারা। পরে শনিবার (৮ মে) সকালের দিকে মাছটি বিক্রির জন্য সিলেট নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারে তোলা হয়।

লালবাজারে গিয়ে দেখা যায়, বাজারে বাঘাইড় মাছটি বিক্রির জন্য তোলার খবর শুনে উৎসুক মানুষের ভিড় জমেছে। এ সময় অনেককে মুঠোফোনে মাছটির ছবি তুলতে দেখা যায়।

মাছটির বিক্রেতা লালবাজারের ব্যবসায়ী বেলাল জানান, মাছটি ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে শুক্রবার রাতে জেলেদের জালে আটকা পড়ে। পরে সেটি বিক্রির জন্য জেলেরা শনিবার সকালে সিলেটের কাজির বাজার মাছের আড়তে নিয়ে আসেন। সেখান থেকে তারা মাছটি বিক্রির জন্য লালবাজারে নেন।

তিনি বলেন, ক্রেতাদের কাছে সাড়ে ৪ মণের বাঘাইড় মাছটির দাম চাওয়া হচ্ছে ৪ লাখ টাকা। আস্ত মাছ কেনার মতো ক্রেতা না থাকায় দুপুরে কেটে কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। মাছটির প্রতি কেজি দুই থেকে দুই হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি করবেন বলে জানান এ বিক্রেতা।

আপনার মন্তব্য

আলোচিত