০৮ আগস্ট, ২০২৬ ১২:৪২
ছবি: সংগৃহীত
বরিশালের উজিরপুর পৌরসভার মাহার এলাকায় স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে নির্মিত একটি সাঁকোর উদ্বোধন নিয়ে ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা। গত বৃহস্পতিবার বিকেলে সাঁকোটি উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান।
বিএনপির ওই নেতার ফিতা কেটে সাঁকো উদ্বোধনের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা ও হাস্যরস।
জানা গেছে, মাহার এলাকায় একটি খালের ওপর সাঁকোটি নির্মাণ করা হয়েছে। খালের উত্তর পাড়ে হেরিংবোন সড়ক (ইট বিছানো সড়ক) থাকলেও সেটি ভাঙাচোরা। এ ছাড়া উঁচু জোয়ারের সময় সড়কটি পানিতে তলিয়ে যায়। এতে ওই এলাকার জেলে ও অন্য বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। এ কারণে স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে বাঁশ ও সুপারিগাছ দিয়ে প্রায় ৫০ ফুট দীর্ঘ সাঁকোটি নির্মাণ করেন।
বৃহস্পতিবার বিকেলে সাঁকোটি উদ্বোধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় নারী-পুরুষ, বিএনপির কয়েকজন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় এক বাউলশিল্পী সাঁকোর ওপর দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে স্বরচিত গানও পরিবেশন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহিদুল ইসলাম খান কাঁচি দিয়ে সাঁকোর সামনে টানানো লাল ফিতা কাটছেন। পরে তার এক সমর্থকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। একজন লেখেন, ‘এই উদ্বোধন শেখ হাসিনার পদ্মা সেতুর উদ্বোধনকেও হার মানিয়েছে।’ আরেকজন মন্তব্য করেন, ‘পাকা রাস্তার ওপর বাঁশের সেতু দিয়ে ফ্লাইওভার তৈরি করেছেন।’ কেউ কেউ সাঁকো উদ্বোধনে কাঁচি ব্যবহারের বিষয় নিয়েও ব্যঙ্গ করেন।
শহিদুল ইসলাম খান বলেন, ‘স্থানীয়দের অর্থায়নে নির্মিত সাঁকোটি উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। স্থানীয় মানুষের চলাচলের সুবিধার জন্যই এটি করা হয়েছে।’
আপনার মন্তব্য