নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২১ ১০:১১

ভোট কেন্দ্র ফাঁকা, ভোটার নেই

সিলেট-৩ আসনে উপনির্বাচন

দুই দফা পিছিয়ে শুরু হয়েছে সিলেট-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ। তবে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটাভুটিতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার অধিকাংশ কেন্দ্রেই তেমন ভোটার উপস্থিতি ছিল না। প্রায় ভোটকেন্দ্রই ছিল ফাঁকা। তবে বেলা বাড়লে ভোটার বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সকালে উপজেলার কুচাই ইউনিয়নের জান আলী শাহ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট দিতে এসেছেন হাতেগোনা কয়েকজন। একই চিত্র ছিল উপজেলার কদমতলী এলাকার ইসরাব আলী হাই স্কুল ও কলেজ কেন্দ্রে এবং উপজেলার পিরোজপুর ইউনিয়নের হ্বাজী ইসরাইল আলী সরকারি প্রাথমিক কেন্দ্রে।

জান আলী শাহ প্রাথমিক বিদ্যালয় প্রিসাইডিং অফিসার সরোউ কুমার হালদার বলেন, ‘সকালে বৃষ্টি হওয়ায় ভোটার কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে ভোটারের উপস্থিতি বাড়তে পারে।’

একই কথা জানান হ্বাজী ইসরাইল আলী সরকারি প্রাথমিক কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শামসুল আলম জানান, ‘আমাদের সকল প্রকার প্রস্তুতি রয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম। বেলা যত গড়াবে উপস্থিতি বাড়বে।’

ইসরাব আলী হাই স্কুল ও কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জয়ন্ত পাল বলেন, ‘ সকালে থেকেই ভোটার উপস্থিতি কম। আস্তে আস্তে ভোটারের সংখ্যা বাড়বে বলে আশা করছি।’

এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয় যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী মোটরকার প্রতীকের বিএনপি থেকে বহিষ্কৃত ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে শুক্রবার দুপুরে সকল নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। সংশ্লিষ্ট তিন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব নির্বাচনী সরঞ্জাম নির্ধারিত ভোটকেন্দ্রে পাঠানো হয়। একইসঙ্গে নিরাপত্তা সংশ্লিষ্ট সবাইকে স্ব স্ব কেন্দ্রে পাঠানো হয়।

সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নিরাপত্তার চাদরে ঢাকা থাকছে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ভোটকেন্দ্রগুলো। কেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৭-১৮ জন সদস্য দায়িত্বে রয়েছেন। আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে নিয়োজিত রয়েছেন ১৮-১৯ জন সদস্য। এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত ২১টি মোবাইল ফোর্স, ১২টি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের ১২টি টহল টিম ও ১২ প্লাটুন বিজিবি নিরাপত্তার দায়িত্বে রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় বিজিবির সঙ্গে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তাদের মনিটরিং করছেন তিনজন অতিরিক্ত জেলা প্রশাসক।

উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ও ভোটকেন্দ্র ১৪৯টি। গত ১১ মার্চ করোনায় এ আসনটির সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মারা গেলে আসনটি শূন্য হয়। তপশীল অনুযায়ী গত ২৮ জুলাই এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এর দুই দিন আগে ভোটগ্রহণ স্থগিত করে আদালত। পরবর্তী সময়ে ৪ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে কমিশন।

আপনার মন্তব্য

আলোচিত