ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:

১২ ফেব্রুয়ারি , ২০২২ ২২:৪৩

ফেঞ্চুগঞ্জে নাহিদ হত্যা মামলার ৬ আসামি গ্রেপ্তার

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামের নাহিদ (১৭) হত্যা মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে বরিশাল শহর থেকে ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার জাহিদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পিঠাইটিকর গ্রামের নুরুল মিয়ার ছেলে মিঠুন মিয়া (২৫) ও টিপু মিয়া (১৯), মৃত জমির উদ্দিনের ছেলে নুরুল মিয়া (৫৩), একই গ্রামের বাবুল মিয়ার ছেলে আনিছ আহমদ (২০), নুরুল মিয়ার মেয়ে সুমেনা বেগম (১৭) এবং নুরুল মিয়ার স্ত্রী সুজেতা বেগম (৪৫)।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, ‘৪০ দিনের মধ্যে মামলার ৯ আসামিদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বরিশাল থেকে সিলেট নিয়ে আসা হচ্ছে। এর আগে গত ৬ জানুয়ারি মামলার প্রধান আসামি মল্লিক মিয়াকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।’

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি পিঠাইটিকর গ্রামে দুপুর ২টার দিকে একই গ্রামের মল্লিক মিয়া, নুরুল মিয়া ও তার ছেলেরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তরুণ নাহিদকে। এ ঘটনায় ওইদিন রাতে নিহত নাহিদের বাবা আলতার হোসেন বাদী হয়ে ১০ জনকে আসামি করে ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত