জগন্নাথপুর প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি , ২০২২ ২৩:১৯

দৃষ্টিহীন চয়নের দায়িত্ব নিচ্ছে জগন্নাথপুর উপজেলা প্রশাসন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে উত্তীর্ণ হওয়া সেই দৃষ্টিহীন চয়ন তালুকদারের অনার্সে ভর্তির আর্থিক খরচের দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে দৃষ্টিহীন চয়নকে পড়া-লেখার চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা করা হবে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।

চয়নকে নিয়ে রোববার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যারপ্রেক্ষিতে নির্বাহী কর্মকর্তা চয়নের সাথে আলাপ করে তার স্বপ্ন বাস্তবায়নে তাঁকে পড়া-লেখার চালিয়ে যাওয়ার জন্য আর্থিক খরচ বহনের আশ্বাস দেন এবং দৃষ্টিহীন চয়নের অনার্সে ভর্তির খরচ বহন করেন। সেই সাথে গানবাজনা প্রতি চয়ন আগ্রহ প্রকাশ করে একটি হারমোনিয়ামের প্রয়োজন জানালে ইউএনও সাজেদুল ইসলাম তার চাহিদা পূরনের আশা ব্যক্ত করেন।

এসময় চয়নের বাবা কৃষক নিতাই তালুকদার উপস্থিত ছিলেন।

চয়ন তালুকদার বলেন, আমার স্বপ্ন পূরনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার পাশে দাঁড়িয়েছেন। সেই জন্য আমি চিরকৃতজ্ঞ।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, চয়নের সাথে আলাপ করে খুবই ভালো লাগছে। এরা আমাদের সমাজের দৃষ্টান্ত। চয়নকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পড়া-লেখার জন্য সার্বিক সহযোগিতাসহ অনার্সে ভর্তির সকল খরচ দেওয়া হবে।

এদিকে, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী এম এ কাদির দৃষ্টিহীন চয়নকে আর্থিক সহযোগিতার আশ্বাস জানিয়েছেন। তিনি এর আগে চয়নকে এসএসসি পাস করার পর আর্থিক অনুদান দিয়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত