১৬ ফেব্রুয়ারি , ২০২২ ১৮:০১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনীতে দেশীয় পাখি নিয়ে বসেছিলেন এক খামারী। সেখানে দেশীয় ময়না, টিয়া, ও শালিক পাখি খাচার মধ্যে বন্দি অবস্থায় রয়েছিলো। বুধবার সকালে শহরের সাগরদিঘি রোডের প্রানী সম্পদ কার্যালয়ে প্রদর্শনীটি হয়।
এদিকে বন্যপ্রানী আটকে রেখে প্রদশর্নী করার খবর পেয়ে প্রদর্শনীতে গিয়ে দেশিয় প্রজাতির ১টি ময়নাপাখি, ১টি ভাতশালিক ও ১টি ঝুঁটি শালিক উদ্ধার করে বনবিভাগ ও বন্যপ্রাণীপ্রেমী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেন্জারড ওয়াইল্ডলাইফ (সিউ) এর সদস্যরা৷
উপজেলার মাধবপাশা গ্রামের সুলতানা এগ্রো দেশীয় এ পাখিগুলো প্রদর্শনীর জন্য নিয়ে এসেছিলো প্রাণীসম্পদ কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রদর্শনীতে৷
এদিকে গত ১৪ ফেব্রুয়ারি প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা মনজুর মোহাম্মদ শাহাজাদা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, দেশের ৬১জেলায় ৪৬৬ টি উপজেলায় অনুষ্ঠিত প্রাণিসম্পদ মেলায় দেশীয় বন্যপ্রাণী প্রদর্শন থেকে বিরত থাকতে হবে।
দেশীয় পাখি প্রদর্শনীতে নিয়ে আসার ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. শাহিনুল হক বলেন সিলেটটুডেকে বলেন, আমি অন্য দুইটি উপজেলার দায়িত্বে রয়েছি। মৌলভীবাজার জেলার অনুষ্ঠান শেষে শ্রীমঙ্গল এসে দেশীয় পাখির বিষয়টি নজরে আসে। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় বনবিভাগ প্রাণীগুলো উদ্ধার করে নিয়ে যায়।
স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফ (এসইডব্লি/সিউ) এর সমন্বয়ক খোকন থৌনাজম বলেন, বন্যপ্রানী রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এখানে আমরা একটি সরকারি দপ্তরে এভাবে বন্যপ্রাণী আটকে রেখে প্রদর্শনী দেখে মর্মাহত হয়েছি। এটা কোন ভাবেই কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পাই প্রাণিসম্পদ অফিসে দেশীয় পাখি আটকে রেখে প্রদশর্নী করা হচ্ছে। দ্রতই সেখানে বন বিভাগ পৌছে পাখিগুলো উদ্ধার করেছে। আমরা পাখিগুলোকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে কয়েকদিন পর্যবেক্ষনে রেখে অবমুক্ত করে দিবো। যারা পাখি আটকে রেখেছিলো তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য আজ বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে ভার্চুয়ালি যোগ দিয়ে এ অনুষ্ঠান উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের লাইভস্টক ফিল্ড এসিস্ট্যান্ট মো. আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নেছার উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুছ ছামাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতি: দা:) ডা. মো. শাহিনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি, ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রশীদ, উপজেলা পোল্ট্রি ফর্ম এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের এর সভাপতি মোঃ আফজাল হক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সম্পদ সিংহ, ডা. শিমুল মজুমদার প্রমূখ।
আপনার মন্তব্য