কমলগঞ্জ প্রতিনিধি:

১৬ ফেব্রুয়ারি , ২০২২ ২৩:০৫

কমলগঞ্জে ১০ খামারি পুরস্কৃত

‘‘পুষ্টি মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর’’ আয়োজন এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এই অনুষ্ঠান হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদে প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

সহকারি কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. মো. আরিফ মইনুদ্দিন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ প্রমুখ। সবশেষে ১০ জন সফল খামারিকে পুরস্কার প্রদান করা হয়।

প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার খামারিরা উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, শৌখিন পাখি (কবুতর, ময়না, টিয়া, ঘুঘু প্রভৃতি), ঔষধ, খাদ্য, প্রাণি প্রযুক্তিসহ ৩৫টি স্টল অংশ নেয়।

আপনার মন্তব্য

আলোচিত