১৮ ফেব্রুয়ারি , ২০২২ ২৩:০৭
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি ভিজিএফের জব্দকৃত প্রায় ২১ টন চাল নষ্ট হওয়ায় মাটি চাপা দেওয়া হয়েছে। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক আট লাখ ৮০ হাজার টাকা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে নষ্ট হওয়া সরকারি চাল গর্ত করে মাটিচাপা দেওয়া হয়।
চাল বিনষ্ট কার্যক্রম পরিচালনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বণিক।
কমিটির সদস্য জেলা খাদ্য কর্মকর্তা নকীব সাদ সাইফুল ইসলাম, জেলা ত্রাণ কর্মকর্তা শফিকুল ইসলাম, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের উপস্থিতিতে চালগুলো গর্তে বিনষ্ট করা হয়।
ইউএনও সাজেদুল ইসলাম জানান, গত ৫ বছর ধরে ২০ টন ৫৪৯ কেজি ২০০ গ্রাম চাল ইউনিয়ন পরিষদের দুইটি কক্ষে জব্দ থাকায় চালগুলো নষ্ট হয়ে যায় এবং দুর্গন্ধের সৃষ্টি হয়। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করলে তিনি চাল বিনষ্ট করণের লক্ষে কমিটি গঠন করে দেন। কমিটির সদস্যদের উপস্থিতিতে নষ্ট চাল মাটিচাপা হয়েছে। যার বাজার মু্ল্য আনুমানিক আট লাখ ৮০ হাজার টাকা।
কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া বলেন, আমরা নতুন দায়িত্ব নিয়েছি। ২০১৭ সালে গত পরিষদের আমলে ভিজিএফের চালগুলো জব্দ করা হয়েছিল। নষ্ট হওয়ায় চালগুলো মাটি চাপা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সালে কলকলিয়া ইউনিয়ন পরিষদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে স্থানীয় জনতা এই চাল আটক করে। খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে। সেই থেকে চালগুলো ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে জব্দ ছিল।
আপনার মন্তব্য