২০ ফেব্রুয়ারি , ২০২২ ০০:৪৪
নিহত তারিক আহমদ।
সিলেটের গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তারিক আহমদ (২৬) নিহতের ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তের স্বার্থে এই ৪ জনের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না।
শুক্রবার সন্ধ্যায় ছুরিকাঘাতে নিহত হন তারিক। পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের নুরুপাড়া রঙ্গাই বিছরা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবক পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের রনকেলী নয়াগ্রাম এলাকার তখলিছ আলীর ছেলে।
এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফুটবলে খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় এক পক্ষের ছুরিকাঘাতে তারিক আহমদ নামের এক যুবক হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেছেন।
তারিকের মৃত্যুর খবর পেয়ে বিক্ষুব্ধ লোকজন গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। এসময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবির ঘটনাস্থলে ছুটে যান। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন অবরোধ তুলে নেন।
অপরদিকে শনিবার ময়নাতদন্ত শেষে তারিকের মরদেহ শনিবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের পরিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
আপনার মন্তব্য