২০ ফেব্রুয়ারি , ২০২২ ২৩:৩৭
সিলেটের জৈন্তাপুরে মসজিদের জমি দখল ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের বাউরভাগ উত্তরগ্রামে। এব্যাপারে গ্রামবাসীর পক্ষে জৈন্তাপুর মডেল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চারিকাটা ইউনিয়নের মধ্যে সর্বপ্রথম মসজিদ নির্মাণ হয়েছিল সারী নদীর পারে বাউরভাগ উত্তর গ্রামে। শত বছরের পুরনো এই মসজিদটি ১৯৯০ সালের পূর্বে নদী ভাঙনের কবলে পড়ে। এ অবস্থায় এলাকাবাসী নদীর পাড় থেকে স্থানান্তর করে গ্রামের পূর্ব পাশে মসজিদ পুনর্নির্মাণ করেন। নদী পাড়ে মসজিদের দখলীয় প্রায় ৮ বিঘা জমিতে বাস বাগানসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এ থেকে আয়ের টাকা মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, মসজিদের জমির পাশে দক্ষিণ বাউরভাগ গ্রামের ইসমাইল আলীর এক বিঘা জমি রয়েছে। তিনি সবজি চাষের নামে বিভিন্ন সময় শিম বাগানের বেড়া দিতে মসজিদের গাছের ডালপালা কর্তন করেন। এবছর তার শিম বাগানের জন্য মসজিদের প্রায় অর্ধশতাধিক গাছ কেটে বিক্রি করেন এবং এক বিঘার অধিক জমি জবরদখল করে নেন। সর্বশেষ ঘটনাটি ঘটে ১৯ ফেব্রুয়ারি ভোরবেলা মসজিদের জমি থেকে গাছ কেটে নেওয়া পর তা বিক্রয় করেন যার বাজার মূল্য ১ লক্ষ ৭০ হাজার টাকা বলে দাবি করছেন গ্রামবাসী।
এ ঘটনায় বাউরভাগ উত্তর মহল্লাবাসীর পক্ষে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে বাউরভাগ দক্ষিণ গ্রামের ইসমাইল আলী, ছেলে কয়ছর আহমদ ও হোসাইন আহমদকে আসামি করে জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে ইসমাইল আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে ফোনে পাওয়া যায়নি।
এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এ.এসআই নিখিল জানিয়েছেন, এই ঘটনায় উভয় পক্ষের কাছ থেকে আমরা দুটি অভিযোগ পেয়েছি। প্রাথমিক পর্যায়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনার অপেক্ষায় আছি।
আপনার মন্তব্য