১২ এপ্রিল, ২০২২ ০১:১৫
সিলেটের জেলা প্রশাসক পরিচয় দিয়ে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।
এমন অভিযোগ এনে সোমবার রাতে সিলেটের কতোয়ালি থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান রিপন।
জিডিতে তিনি অভিযোগ করেন, সোমবার দুপুর ১টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ০১৭৬৮০৯৭৮৭৬ মােবাইল নাম্বার থেকে তার ব্যক্তিগত মােবাইল নাম্বারে কল দিয়ে নিজেকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পরিচয় দেন। এরপর সার্কিট হাউজে একটি ইফতার মাহফিলের আয়োজনের কথা বলে ব্যবসায়ী পরিষদের কাছ থেকে চাঁদা দাবি করেন ওই ব্যক্তি।
বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হয় উল্লেখ করে রিপন জিডিতে আরও জানান, তৎক্ষণাৎ তিনি জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি অবগত করেন এবং জানতে পারেন- তাকে যে ফোন নাম্বার থেকে কল করা হয়েছে সেটি জেলা প্রশাসকের নয় এবং এ বিষয়ে জেলা প্রশাসক মো. মজিবুর রহমান কিছুই জানেন না।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আব্দুর রহমান রিপন পরে কোতোয়ালি থানায় জিডি করেন।
এ ব্যাপারে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মো. আব্দুর রহমান রিপন বলেন, আমি ছাড়াও নগরীর বিভিন্ন মার্কেটের সভাপতি ও বড় বড় ব্যবসায়ীদের কাছে ওই প্রতারক একইভাবে জেলা প্রশাসক পরিচয়ে ফোন করে চাঁদা দাবি করেছে। এ নিয়ে ব্যবসায়ীরা শঙ্কিত।
সাধারণ ডায়রির বিষয়টি নিশ্চিত করে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। অভিযুক্তকে সনাক্তের চেষ্টা চলছে।
এমন প্রতারণার বিষয়টি শুনেছেন জানিয়ে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, একজন এই বিষয়টি আমাকে বলেছেন। আমি তাকে আইনী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছি।
আপনার মন্তব্য