৩১ মে, ২০২২ ২১:০৬
মৌলভীবাজারের কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার এক যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।
শুরুতে কেক কেটে অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়।
আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, প্রভাষিকা রাবেয়া খাতুন, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, শিক্ষক মোশাহীদ আলী প্রমুখ।
এসময় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো চিফ সংগ্রাম সিংহ, বিশিষ্ট লেখক সাংবাদিক মীর লিয়াকত, সাংবাদিক আব্দুল হান্নান চিনু ও সমাজসেবায় অবদান রাখায় দুবাই প্রবাসী শেখ জহির উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মাইদুল ইসলাম।
বক্তরা কমলকুঁড়ি পত্রিকার সফলতা কামনা করে বলেন, একটি ছোট মফস্বল এলাকা থেকে ১১ বছর পেরিয়ে পত্রিকাটি নিরবিচ্ছিন্নভাবে গণমানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রেখে আসছে। বস্তুনিষ্ঠতা বজায় রেখে ইতোমধ্যে পাঠক সমাদৃত ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে। পত্রিকাটি তার অনন্য বৈশিষ্ট্য বজায় রেখে ভবিষ্যতের পথে পথচলা অব্যাহত রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য