০৪ নভেম্বর, ২০২২ ২১:৫৪
নির্বাচন কমিশনের ওপর আস্থা রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেছেন, বাংলাদেশ রাষ্ট্র আর আওয়ামী লীগ এক সূত্রে গাঁথা। আওয়ামী লীগ আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাসী। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আপনারা (বিএনপি) সংকীর্ণতা থেকে বেরিয়ে আসুন। নির্বাচন কমিশনে আস্থা রেখে আসুন সুষ্ঠু নির্বাচন করি। সমান মাঠে খেলি। আমরা খেলার জন্য তৈরি, আপনারা ঘরে না বসে খেলার জন্য তৈরি হোন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুক্রবার কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকার অবহেলিত, বঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটি মহল তা সহ্য করতে পারছে না বলে ষড়যন্ত্র করছে। দেশের সামগ্রিক অগ্রগতি দেখে তারা দিশেহারা হয়ে গেছে।
তিনি আরও বলেন, মানুষ উন্নয়নের পক্ষে জেগে উঠেছে, যেভাবে একাত্তরে স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জেগেছিল। সেইভাবে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পক্ষে জেগে উঠেছে দেশের মানুষ।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ।
এ সময় পরিকল্পনামন্ত্রী আগামী ৭ নভেম্বর রানীগঞ্জ সেতুর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।
আপনার মন্তব্য