নিজস্ব প্রতিবেদক:

১৭ এপ্রিল, ২০২৩ ২২:১৬

১৮ এপ্রিল থেকে সিলেট-চাঁদপুরে ঈদ স্পেশাল ট্রেন চালু

ফাইল ছবি

আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের চারটি রুটে ঈদ স্পেশাল ট্রেন চালু হবে ১৮ এপ্রিল থেকে। চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।

এবারের ঈদে প্রথমবারের মতো সিলেট-চাঁদপুর রেলপথে একজোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোন সূত্রে এই তথ্য জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (পূর্ব) পক্ষে এসিওপিএস (পূর্ব) কামাল আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশেষ ট্রেনের তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের জোনের পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী সিলেট-চাঁদপুর রুটে চলাচল করবে ঈদ স্পেশাল ট্রেন-৯ ও ১০। ঈদ স্পেশাল-৯ ট্রেনটি ১৮ এপ্রিল থেকে যাত্রা শুরু করবে। ঈদের আগের দিন পর্যন্ত চলাচল করে ঈদের দিন বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে আবার চালু হয়ে ২৭ এপ্রিল পর্যন্ত চলাচল করবে। অপরদিকে ১৯ এপ্রিল থেকে যাত্রা শুরু করবে ঈদ স্পেশাল-১০। এটিও ঈদের আগের দিন পর্যন্ত চলাচল করে ঈদের দিন বন্ধ থেকে পরদিন থেকে আবার চালু হয়ে ২৭ এপ্রিল পর্যন্ত চলাচল করবে। ঈদ স্পেশাল-৯ বিকেল ৪টা ৪০ মিনিটে সিলেট থেকে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশে। পৌঁছবে রাত ১২টা ১৫ মিনিট নাগাদ। আর ঈদ স্পেশাল-১০ ভোর ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সিলেট আসবে দুপুর ১২টায়। প্রতিটি ট্রেনে আসন থাকবে ৫১৪টি করে।

এ ছাড়া রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ১৮ এপ্রিল থেকে ২৭ এপ্রিল চলাচল করবে ঈদ স্পেশাল ট্রেন-১ ও ৩; ১৯ এপ্রিল থেকে ২৮ এপ্রিল চলাচল করবে ঈদ স্পেশাল ট্রেন-২ ও ৪; ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ১৮ এপ্রিল থেকে ২৭ এপ্রিল চলাচল করবে ঈদ স্পেশাল ট্রেন-৫ ও ৬; চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ১৯ এপ্রিল থেকে ২৯ এপ্রিল চলাচল করবে ঈদ স্পেশাল ট্রেন-৭ এবং ২০ এপ্রিল থেকে ২৮ এপ্রিল চলাচল করবে ঈদ স্পেশাল ট্রেন-৮।

এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন জানান, যাত্রীদের ঈদযাত্রার আনন্দকে আরও রাঙিয়ে তুলতে ঈদ স্পেশাল ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত ঈদের সময় যাত্রীদের ভোগান্তি হ্রাস করতে এসব বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সব বিশেষ ট্রেনই ঈদের দিন বন্ধ থাকবে। -খবর সমকালের।

আপনার মন্তব্য

আলোচিত